• মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু ২ যুবকের
    আজকাল | ১৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ঈদের বাজার করতে এবং বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত মানিকপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকদের নাম সাগর মহালদার (১৮), এবং সলমন সাত্তার (১৮)। মৃত দুই যুবকেরই বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান পুরসভার হাতিচিতরা এলাকায়।

     বুধবার রাতে ওই দুই যুবক একটি মোটরসাইকেল করে অত্যন্ত দ্রুতগতিতে ধলার মোড় থেকে মানিকপুরের দিকে যাচ্ছিল। কোনওভাবে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের থাকা লোহার গার্ডওয়ালে গিয়ে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে দুই যুবকই মোটরসাইকেল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় দু’‌জনকে উদ্ধার করে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করা এবং খাওয়া–দাওয়া করার জন্য দুই যুবক বুধবার সন্ধে নাগাদ মোটরসাইকেল করে বাড়ি থেকে বার হন। 

    সূত্রের খবর, রাতের অন্ধকারে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল দুই যুবক। মানিকপুর এলাকায় একটি বাঁকের কাছে বাইকের গতি বেশি থাকার জন্য নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার ধারের রেলিংয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে বাইকটি। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দুই বাইক আরোহীর মাথাতেই  হেলমেট ছিল না। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর দু’‌জনের মাথাতেই গুরুতর আঘাত লাগে। অত্যধিক রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

    প্রসঙ্গত, গত শনিবার রাতেও বন্ধুদের সঙ্গে ঈদের জন্য নতুন জামা কাপড় কিনতে এবং বিরিয়ানি খেতে বার হয়ে সামশেরগঞ্জ থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুই কিশোর শহর তিন ব্যক্তির। 

    সেই  দুর্ঘটনার সময়ও ওই তিনজন একটি মোটরসাইকেল করে অত্যন্ত দ্রুত গতিতে ১২ নম্বর জাতীয় সড়ক পার করার চেষ্টা করছিল। ঠিক সেই সময় ফরাক্কা থেকে জঙ্গিপুরগামী একটি লরি অত্যন্ত দ্রুত গতিতে ওই বাইকটিতে ধাক্কা মারে এবং তিনজনেরই মৃত্যু হয়। সামশেরগঞ্জে দুর্ঘটনার সময়ও বাইক আরোহীদের কারোর মাথায় হেলমেট ছিল না। জেলা পুলিশের এক আধিকারিক জানান, খুশির ঈদ আসার আগেই গত কয়েকদিন ধরে বিভিন্ন থানা এলাকায় প্রচুর যুবক বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করা শুরু করেছে। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো যুবকরা যেমন মাথায় হেলমেট না পড়ে নিজেদের বিপদ ডেকে আনছেন তেমনই যে গতিতে এই সমস্ত যুবক মোটরসাইকেল চালান তার সামনে হঠাৎ করে কেউ চলে এলে, তারও বড়সড় আঘাত লাগতে পারে। 

    সুতি থানার পুলিশ ইতিমধ্যেই মৃত দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে। খুশির ঈদের ঠিক আগে একই গ্রামের দুই যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।

     
  • Link to this news (আজকাল)