নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের দামামা বেজে গেছে। সেই আবহে হাড়োয়ার ঝুজুরগাছা এলাকায় তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। অভিযোগ তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃতের নাম মসিউর কাজি(৩৮)। দেগঙ্গার চাঁপাতলা গ্রামপঞ্চায়েতের গাংনীয়াতে বাড়ি তাঁর। তিনি তৃণমূলের বুথ সভাপতি ছিলেন।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার রাত ন’টার সময় তাকে কেউ ফোন করে ডাকে। সেই ফোন পাওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। সকালে শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে শংকরপুর পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। হাত কাটা অবস্থায় পাওয়া যায় দেহ। তদন্তে নেমে পুলিসের প্রাথমিক অনুমান ভারী কিছু দিয়ে মাথায় মেরে খুন করা হয়েছে মসিউরকে।
পরিবারের লোকজন দেহ সনাক্ত করেন। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পরিবারের দাবি, চক্রান্ত করে ডেকে খুন করা হয়েছে। ভোটের মুখে তৃণমূল নেতার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।