• ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, ধৃত
    বর্তমান | ১৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেবেন বলে লিঙ্ক পাঠিয়ে ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিহারের এক ফল ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মহম্মদ শামিম নামে এক অভিযুক্তকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বেনিয়াপুকুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শামিম নামে ওই ফল ব্যবসায়ী কয়েকদিন আগে বিহার থেকে কলকাতায় আসেন। বেনিয়াপুকুর এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে থাকছিলেন।

    জানা গিয়েছে, সেখানকার এক বাসিন্দা ড্রাইভিং লাইসেন্স করার চেষ্টা করছিলেন। শামিম তাঁকে জানান যে তিনি এই কাজই করে থাকেন। সপ্তাহখানেকের মধ্যে লাইসেন্স করিয়ে দেবেন। তার কথায় আশ্বস্ত হলে অভিযুক্ত একটি লিঙ্ক পাঠায় অভিযোগকারীকে। তাঁকে বলা হয় এখানে ফর্ম রয়েছে। সেটি ফিলআপ করার পর ফি দিলেই তৈরি হয়ে যাবে লাইসেন্স। অভিযোগকারী তার কথায় বিশ্বাস করে ওই লিঙ্কে ক্লিক করেন। কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৪০ হাজার টাকা। এরপরই তিনি বেনিয়াপুকুর থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই টাকা গিয়েছে শামিম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন যে, তিনি সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত। চক্রের পান্ডা রয়েছেন বিহারে। তার কথামতো কলকাতায় এসে প্রতারণা শুরু করেছিল। এর আগেও একাধিক ব্যক্তির সঙ্গে এই কায়দায় প্রতারণা করেছে। তার বিরুদ্ধে বিহার পুলিশের একাধিক সাইবার জালিয়াতির অভিযোগ রয়েছে। কলকাতায় আর কেউ তার পাল্লায় পড়ে টাকা খুইয়েছেন কি না, সেটা জানার চেষ্টা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)