• বাগুইআটিতে পরিচারিকাকে গ্রেপ্তার করে উদ্ধার ৭০ লক্ষ টাকার অলঙ্কার
    বর্তমান | ১৯ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বেডরুম থেকে চুরি গিয়েছিল প্রায় ৭০ লক্ষ টাকার সোনার অলঙ্কার! অথচ, কোনও দুষ্কৃতী বাড়িতে ঢোকেনি! সঙ্গে সঙ্গে বাগুইআটি থানার দ্বারস্থ হয়েছিলেন গৃহকর্তা। অবশেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ওই চুরির কিনারা করল পুলিশ। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই বাড়ির পরিচারিকাকে। জেরায় তিনি চুরির কথা স্বীকারও করেছেন। তাঁকে জেরা করে উদ্ধার হয়েছে ওই ৭০ লক্ষ টাকার অলঙ্কার। পুলিশ জানিয়েছে, ধৃত পরিচারিকার নাম মন্দিরা হালদার। বয়স বছর ২৬। বাগুইআটি থানার কেষ্টপুরের পঞ্চাননতলা ঘোষপাড়ায় তাঁর বাড়ি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনাটি ঘটেছিল কেষ্টপুরের একটি আবাসনে। সেখানে এক দম্পতির ফ্ল্যাটে মন্দিরা পরিচারিকার কাজ করতেন। গত ২৩ ডিসেম্বর থেকে তিনি ওই বাড়িতে কাজে ঢোকেন। গৃহকর্তার শাশুড়িকে দেখভাল এবং বাড়ির কাজকর্ম দেখাশোনার জন্য‌ই তাকে নিয়োগ করা হয়েছিল। কারণ, কর্মসূত্রে ওই দম্পতি সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। আবার ফিরে আসতেন সন্ধ্যার পর। সেই সময় বৃদ্ধার সঙ্গে কেবলমাত্র ওই পরিচারিকা বাড়িতে থাকতেন। বেডরুমে বক্স খাটের ভিতরে ওই সোনার অলঙ্কার রাখা থাকত। মাঝে মাঝে প্রয়োজন পড়লে বা খতিয়ে দেখার জন্য তাঁরা সেই বাক্স খুলতেন। শেষবার তাঁরা গত ২৫ ফেব্রুয়ারি খুলেছিলেন। দেখেছিলেন, সমস্ত গয়না ঠিকঠাক রয়েছে। গত ১৫ মার্চ তাঁরা সেই বাক্স খুলে দেখেন, প্রায় সমস্ত গয়না উধাও। তারপরই তাঁদের সন্দেহ হয় পরিচারিকার প্রতি। ১৬ মার্চ গৃহকর্তা বাগুইআটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার মন্দিরাকে গ্রেপ্তার করে। জেরায় তিনি অপরাধের কথা কবুলও করেন। তিনি জানান, চুরির অলঙ্কার ব্যাগে ভরে তিনি এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছেন। তবে, আত্মীয়কে জানাননি যে ব্যাগের ভিতর চুরির গয়না রয়েছে। তাঁর বাড়িতে তল্লাশি হলে যাতে কোনও গয়না না পাওয়া যায়, সেজন্যই এমন কৌশল। পুলিশ পরিচারিকার আত্মীয়ের বাড়ি থেকে চুরির অলঙ্কার উদ্ধার করেছে।
  • Link to this news (বর্তমান)