কেনাকাটা করতে এসে ব্যবসায়ীর ৫০ হাজার টাকা পকেটমারি, গ্রেপ্তার যুবক
বর্তমান | ১৯ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৫০ হাজার টাকা পকেটমারির অভিযোগে গ্রেপ্তার করা হল দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরের যুবককে। ধৃতের নাম মহম্মদ রিয়াজ ওরফে রাজ (২৮)। কলকাতা পুলিশের ওয়াচ শাখার গোয়েন্দারা যুবককে গ্রেপ্তার করে। এজরা স্ট্রিটে ব্যবসায়ীর প্যান্টের পকেট থেকে ৫০ হাজার টাকা খোয়া যাওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা খোয়া যাওয়া টাকার মধ্যে সাড়ে ৪৫ হাজার টাকা উদ্ধার করতে পেরেছেন। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।
ঘটনার সূত্রপাত ২০ ফেব্রুয়ারি। প্রাথমিক তদন্তে লালবাজার জানতে পেরেছে, কেনাকাটার জন্য ওই ব্যবসায়ী এজরা স্ট্রিটে এসেছিলেন। ভিড়ে ঠাসা এজরা স্ট্রিট এবং ইন্ডিয়া এক্সচেঞ্জ স্ট্রিটের ক্রসিংয়ে ওই ব্যবসায়ীকে অজ্ঞাতপরিচয় এক যুবক ধাক্কা মারে। এরপরে ওই ব্যবসায়ী পকেটে হাত দিয়ে দেখেন, তাঁর পকেটে থাকা ৫০ হাজার টাকা উধাও। ব্যবসায়ী স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় থানার পাশাপাশি তদন্তে নামেন লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা। তদন্তে সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদ রিয়াজকে গ্রেপ্তার করেছে লালবাজার।
অন্যদিকে, চিৎপুর থানার খগেন চ্যাটার্জি রোডে মুদির দোকান থেকে ক্যাশবাক্স হাতিয়ে নেওয়ার ঘটনায় ধৃত কানাই শা’কে জিজ্ঞাসাবাদ করে লালবাজারের ওয়াচ শাখার গোয়েন্দারা বাকি ৩৫ হাজার টাকা এবং চারটি রুপোর কয়েন উদ্ধার করেছেন।