• IPS মুরলীধরকে নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, হঠাৎ কী হলো?
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • ১৫ জন IPS-কে ভিনরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। বুধবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করে তারা। বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা-সহ মোট ১৫ জন IPS-কে ভিন রাজ্যের নির্বাচনে পুলিশ অবজ়ার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি হয়। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্তে কিছুটা রদবদল করা হলো বলেই নির্বাচন কমিশন সূত্রের খবর। নির্বাচন কমিশন সূত্রে খবর, মুরলীধর ও ওয়াকার রাজাকে ভিন রাজ্যে যেতে হবে না। ওই দুই পুলিশ কমিশনার আগের পদেই বহাল থাকবেন বলে খবর। আবার কমিশনের একটি সূত্রের খবর, ‘ইন রিজ়ার্ভ’ রাখা হয়েছে। এই নিয়ে এ দিন সকাল থেকেই ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। বাকি ১৩ জন IPS-কে যেতে হবে ভিন রাজ্যে।

    বুধবার দিল্লির নির্বাচন কমিশন যে বিজ্ঞপ্তি জারি করে, সেখানে উল্লেখ ছিল, IPS মুরলীধর শর্মা এবং IPS সৈয়দ ওয়াকার রাজাকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের অবজার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। ভিন রাজ্যের ভোটে অবজ়ার্ভারের তালিকায় আছে অলোক রাজোরিয়া, ইন্দিরা মুখোপাধ্যায়, আকাশ মাঘারিয়ার মতো IPS-এর নামও।

    আছে ধৃতিমান সরকার, সি সুধাকর, আমনদীপ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, প্রবীণকুমার ত্রিপাঠী, রশিদ মুনির খান, প্রিয়ব্রত রায়ের নামও। তবে কমিশনের এক কর্তা জানান, মুরলীধর ও ওয়াকার রাজাকে ‘ইন রিজার্ভ’ রাখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)