জোর জল্পনা, শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary List) ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। প্রায় ৬০ লক্ষ মানুষের ভোট-ভাগ্য ঝুলে এই তালিকায়। তার আগে ফের SIR-আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মৃতের নাম ইসমাইল মোল্লা। ৩৬ বছর বয়স তাঁর। বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়ার ১৩১ নম্বর বুথে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেষ
চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে অ্যাজুডিকেশন (Adjudication) লেখা। পরিবারের দাবি, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। ভোট ঘোষণা হয়ে গিয়েছে। চারদিকে ভোটের রব। কিন্তু তাঁর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চিন্তায় ছিলেন।
বৃহস্পতিবার সকালে এলাকায় বেরিয়েছিলেন। খবর পান, শুক্রবার হয়ত সাপ্লিমেন্টারি তালিকা বেরোতে পারে। পরিবারের দাবি, এর পরেই বাড়ি ফিরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী নাজবুল মোল্লা জানান, ইসমাইলের দুই ছেলে। একজনের বয়স আট, ছোটটা বছর দেড়েকের। এ দিন বাড়ি ফিরে ছেলেদের আদরও করেন। দু’একটা কথা বলার পরে ঘরে ঢুকে এই ঘটনা ঘটান।
পরিবারের দাবি, ভোটার তালিকায় নাম বিচারাধীন থাকায় অতিরিক্ত দুশ্চিন্তায় আত্মহত্যার পথ বেছে নেন ইসমাইল। পরিবারের লোকজন জানান, কাগজপত্র থাকার পরেও নাম বিচারাধীন আসে। তাতেই চিন্তায় পড়ে যান। এর পরেই এই ঘটনা।