• 'আগে কাজ' নীতি, প্রচারে নামার আগেই এলাকার জঞ্জাল সরাতে নামলেন কৈলাস
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • সৌমিত্র ঘোষ, বালি

    রাজ্যে বিধানসভা ভোটের ঘণ্টা বেজেই গিয়েছে। সব দলের প্রার্থীরাই যে যাঁর দলীয় পতাকা নিয়ে নেমে পড়েছেন প্রচারে। কিছুটা উল্টো ছবি দেখা গেল বালি বিধানসভা এলাকায়। মঙ্গলবার নাম ঘোষণার পরে বুধবার সকাল থেকেই বালির তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন এলাকা জঞ্জালমুক্ত করতে। দীর্ঘদিন ধরে বালিতে জঞ্জাল সমস্যা মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে প্রশাসনের। নেটপাড়া থেকে পাড়ার ঠেক- সর্বত্র পুরপ্রশাসনের সমালোচনায় মুখর বাসিন্দারা। তাই আগে প্রচার নয়, বুধবার লিলুয়া ও বেলুড়ের পাড়ায় পাড়ায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘুরে কৈলাস শুনলেন পুর প্রশাসনের বিরুদ্ধে মানুষের সেই সব নালিশ।

    একই সঙ্গে এ দিনই বেলুড়ের জিটি রোড থেকে শুরু করে লিলুয়া, বালির নানা রাস্তায় জমে থাকা আবর্জনা আর্থ মুভার দিয়ে সরানোর কাজ চলল পুরোদমে। উল্লেখ্য, এই মাসের শুরুতেই হোলির সময়ে বেলুড়ের চাঁদমারিতে বালি পুরসভার জঞ্জাল ফেলার ভাগাড়ে আগুন লেগে বিপত্তি বেধেছিল। যার জেরে স্থানীয়দের বাধায় অন্তত ১০ দিন ভাগাড়ে কোনও আবর্জনা ফেলার কাজ করা যায়নি।

    বালি পুর এলাকার সর্বত্র রাস্তায় জঞ্জালের পাহাড় জমে ওঠে। বহু জায়গায় আবর্জনা স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন মানুষজন। এমনকী, পড়ে থাকা মৃত পশুর পচাগলা দেহ থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগও ওঠে। অবশেষে যুবনেতা কৈলাস ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ তাপস মাইতির উদ্যোগে কয়েক দফা বৈঠকের পরে সমস্যা মেটে।

    কিন্তু তার পরে এক সপ্তাহ কেটে গেলেও, জিটি রোড, গিরিশ ঘোষ রোড, বিকে পাল টেম্পল রোড, লিলুয়ার রবীন্দ্র সরণি-সহ একাধিক রাস্তা ও বালির মোহনলাল বাহাওয়ালা রোড, পঞ্চাননতলা রোড-সহ বহু রাস্তায় আবর্জনা জমেছিল। প্রার্থীর নাম ঘোষণার পরেই কৈলাস মঙ্গলবার বিকেলেই বালি পুর আধিকারিকদের সঙ্গে অবিলম্বে সর্বত্র জঞ্জাল সরানোর ব্যাপারে কথা বলেন। বুধবার সকাল থেকেই তিনি রাজনৈতিক প্রচারের কর্মসূচি না নিয়ে, রাস্তায় রাস্তায় যেখানে সমস্যা রয়েছে, তা সরেজমিনে দেখতে বেরিয়ে পড়েন।

    অনেক জায়গাতেই বাসিন্দারা এগিয়ে এসে কৈলাস মিশ্রের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা জানান। এ দিন একটু বেলা থেকেই জিটি রোড থেকে শুরু করে অন্যত্র আবর্জনা সরাতে পুরকর্মীদের তৎপরতা নজরে আসে। বেলুড়ে জিটি রোডের ডনবস্কো এলাকা, লিলুয়া রেলওয়ে কোয়ার্টার্সের সামনে, লিলুয়া পানিট্যাঙ্কি, সুর পেট্রোল পাম্পের কাছে- সর্বত্র জঞ্জাল সরানোর কাজ হয়েছে। বিকেলের দিকে বালির পঞ্চাননতলা রোডে নিবেদিতা সেতুর নীচেও জমে থাকা আবর্জনা সরানো হয়েছে বলে জানা গিয়েছে।

    কৈলাস এ দিন সংবাদ মাধ্যমে বলেছেন, 'আগে এলাকার জঞ্জাল সমস্যার মতো জরুরি সমস্যার সমাধান করব। তার পরে মানুষের কাছে ভোট চাইব। আমি কাজ করতে চাই। কাজের মধ্য দিয়েই মানুষের কাছে আসতে চাই।'

    মঙ্গলবার বালিতে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে বলেছিলেন, 'বালির সব সমস্যার সমাধান করব।' নিজের কথা রাখতে এ দিন সকালেই তিনি দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নেমেছেন মানুষের নালিশ শুনতে।

  • Link to this news (এই সময়)