কাজের নিরিখেই কামব্যাক, প্রচারের আগেই হুঙ্কার লাভলির
আজকাল | ১৯ মার্চ ২০২৬
সুমিত চক্রবর্তী, সোনারপুর: টেলিভিশনের পর্দায় তাঁকে সকলে বহু আগে থেকেই চেনেন। তার অভিনয় সকলের মন কাড়ে তখন থেকেই। তবে একেবারে উল্টো পথে হেঁটে রাজনীতির ময়দানে গোল দেওয়া সহজ ছিল না। তবে কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। ঠিক তেমনভাবেই নিজেকে মানিয়ে নিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতী মৈত্র। যাকে সকলে লাভলি মৈত্র বলেও জানেন। ব্যাস, সেখান থেকেই শুরু। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি তাকে ফের ২০২৬ সালে ভোটের টিকিট দিতে দ্বিতীয়বার ভাবেননি।
আজকাল ডট ইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অরুন্ধতী মৈত্র জানালেন, কাজের ভিত্তিতেই ফের দল তাকে মনোনীত করেছে। তিনি কাজ করতে পছন্দ করেন। সেটাই তাকে ফের একবার নতুনভাবে কাজ করার উৎসাহ যোগাবে। লাভলি মৈত্র বলেন, যেভাবে সময়ের আগে এসআইআর করার নামে রাজ্যের মানুষকে হয়রানি করা হয়েছে তার প্রতিবাদ তৃণমূল প্রথম থেকেই করেছে। এবারের ভোটে সেটাই তাদের কাছে প্রধান ইস্যু। যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলও-দের মৃত্যু হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই ধরা পড়েছে একই চিত্র।
কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে লাভলি মৈত্র বলেন, ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে ঘাটাল মাস্টার প্ল্যান সহ বহু অর্থ কেন্দ্র আটকে রেখেছে। তবে তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের গতি থেমে থাকেনি। তারই দেখানো পথেই তিনি কাজ করে চলেছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে চলা এলপিজি গ্যাস নিয়ে যেভাবে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন তা কেন্দ্র সরকারের ব্যর্থতা।
২০২৬ বিধানসভা নির্বাচনে একদল নতুন মুখকে সুযোগ দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবিষয়ে তিনি বলেন, দলে প্রবীণ এবং নবীনের একটি ভারসাম্য বজায় রাখা হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এসে তৃণমূলে যোগ দিয়েছেন। সেখান থেকেই দলের হাইকমান্ড যোগ্যদের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে। এই ধারা আগামীদিনেও থাকবে।
কয়েকদিন আগেও তাকে সোনারপুর দক্ষিণের প্রার্থী করা হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। এমনকি দেওয়াল লিখনের পরও তা মুছে ফেলা হয়েছিল। এবিষয়ে অরুন্ধতী মৈত্র বলেন, টিকিট কে পাবে সেটা একেবারেই দলের সিদ্ধান্ত। সেখানে এই বিষয়গুলি নিয়ে নানা ধরণের অপপ্রচার করা হয়েছে। তবে দ্বিতীয়বার টিকিট পাওয়ার পর তার দায়িত্ব আরও বাড়ল। তিনি সেই কাজই আগামীদিনে করে যাবেন।
বিগত কয়েক বছরে একেবারে নিজেকে বদলে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এবিষয়ে লাভলি বলেন, নতুনদের উৎসাহিত করার পাশাপাশি দলের সিনিয়রদের সঙ্গে নিয়ে চলতে জানেন অভিষেক ব্যানার্জি। তাকে দেখে নতুন করে কাজ করতে ইচ্ছা তৈরি হয়। একেবারে শুরুর দিকে যে অভিষেক ব্যানার্জিকে তারা দেখেছেন সেখান থেকে এখন আকাশ-পাতালের ফারাক। দিদি তাদের হৃদয়ে রয়েছেন। তার নির্দেশেই কাজ করছেন অভিষেক ব্যানার্জি। যদি ইচ্ছা থাকে তাহলে যেকোনও কাজই করা যায় তারই আদর্শ উদাহরণ অভিষেক ব্যানার্জি।
চলতি বছরে সেরা লড়াই হবে ভবানীপুরে। সেখানে মুখোমুখি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবিষয়ে প্রশ্ন করতেই একেবারে মজার ছলেই লাভলি মৈত্র বলেন, ভবানীপুরে এবার লোডশেডিং হবে না। তাই শুভেন্দুর জেতার কোনও সম্ভাবনাই নেই। বিজেপির বিদায়ঘন্টা বেজে গিয়েছে। ভবানীপুরে মুখ পুড়বে শুভেন্দুর।বিগত কয়েক বছর ধরেই সোনারপুরের বেশ কয়েকটি অংশে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এসেছে। তা নিয়ে অরুন্ধতী মৈত্র জানালেন, দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যারা দলকে ভালবেসে কাজ করে তারা নিজের কাজ ঠিক করে যায়। তবে কিছু মানুষ রয়েছেন যারা দলকে ব্যবহার করে নিজেদের ফায়দা তুলতে চান। তারাই বারে বারে এই ধরণের অপপ্রচার চালিয়ে থাকে। দলের ওপরে কেউ নয়।
স্থানীয় সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সোনারপুরের প্রধান সমস্যা ছিল পানীয় জল এবং নিকাশি। সেই সমস্যা বিগত ৫ বছরে অনেকটাই মিটেছে। আগামীদিনে এই সমস্যা চিরতরে বিদায় নেবে।