• ভোটের মুখে জ্বলছে ভাঙড়! কী ঘটল?
    আজকাল | ১৯ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে ফের উত্তপ্ত ভাঙড়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার দিন কয়েক পরেই ভয়াবহ বোমা বিস্ফোরণ। বোমা তৈরির সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় একজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

    বুধবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া এলাকায়। একটি পরিত্যক্ত বাড়িতেই বিস্ফোরণ ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কারা এই ঘটনায় আহত হয়েছেন, তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। 

    ভোটের আবহ তৈরি হতেই আবারও অশান্ত ভাঙড়। বৃহস্পতিবার সকালে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমা তৈরির সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর, পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

    এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আইএসএফের দাবি, মৃত ও আহতরা সকলেই তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী-সমর্থক এবং তাঁরা বোমা তৈরির কাজ করছিলেন। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। অন্যদিকে, পুলিশ এখনও পর্যন্ত মৃত ও আহতদের পরিচয় বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি। 

    ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও এলাকায় রুট মার্চ শুরু করেছেন, যাতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া যায়। 

    এদিকে, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আইএসএফের পঞ্চায়েত সদস্য আবুল খয়ের মোল্লা। অভিযোগ, তিনি ঘটনাস্থলে পৌঁছতেই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে বাধা দেয় এবং তাঁর ওপর চড়াও হয়। এই সময় আবুল খয়ের মোল্লাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন আরও কয়েকজন আইএসএফ কর্মী-সমর্থক। 

    এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে ভাঙড়ে এ ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যদিও প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে, তবুও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ।
  • Link to this news (আজকাল)