'গণ আন্দোলনকে ভোট রাজনীতিতে এনে লাভ হয় না,' নির্যাতিতার মায়ের বিজেপি যোগে আক্ষেপ সেই অনিকেতের
আজ তক | ১৯ মার্চ ২০২৬
বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় পানিহাটি আসনে প্রার্থী হিসেবে উঠে এসেছে আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় খুন ও নির্যাতিতা চিকিৎসকের মায়ের নাম। রাজনৈতিক মহলের একাংশের মতে, পানিহাটি কেন্দ্র দখলের লক্ষ্যেই আরজি কর-কাণ্ডের আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এই গুঞ্জনের মাঝেই মুখ খুলে নির্যাতিতার মা জানিয়েছেন, মেয়ের সুবিচারের জন্যই তিনি বিজেপির হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
পানিহাটি দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন নির্বাচনে তৃণমূল বিদায়ী কাউন্সিলরের ছেলেকে প্রার্থী করেছে, ফলে তাঁর জয় অনেকটাই নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে, স্থানীয় আবেগকে হাতিয়ার করেই বিজেপি এই আসনে লড়াই জমাতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। তবে এই কৌশল কতটা সফল হবে, তা জানা যাবে ফল প্রকাশের দিন।
এদিকে, আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এই প্রসঙ্গে স্পষ্ট মত প্রকাশ করেছেন। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দিয়েছেন। বাংলা ডট আজতক ডট ইন-কে তিনি বলেন, 'এটা ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু আরজি কর একটি গণ আন্দোলন, যেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। সেই আন্দোলনকে ভোটের রাজনীতির সঙ্গে জড়িয়ে কোনও লাভ হয় না, দাবি আদায়ও হয় না, ইতিহাস সেটাই বলে।'
তিনি আরও অভিযোগ করেন, টালা থানার ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা, প্রমাণ লোপাটের অভিযোগ, সিবিআইয়ের তদন্ত, সবই প্রশ্নের মুখে। তাঁর কথায়, 'ভোটের রাজনীতির মাধ্যমে ন্যায়বিচার সম্ভব নয়। সেখানে ন্যায়বিচার নয়, ভোটে জেতাই আসল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়।'
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। সেই আন্দোলনের প্রথম সারিতে ছিলেন অনিকেত মাহাতো। ন্যায়বিচার ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে তিনি অনশনেও বসেছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকেও তাঁকে সরাসরি প্রশ্ন করতে দেখা গিয়েছিল।