বুধবার সন্ধ্যায় ইদের বাজার করতে একসঙ্গে বেরিয়েছিলেন দুই বন্ধু। তবে বাজার সেরে বাড়ি ফেরার বদলে তাঁরা বাইকে ঘুরতে বের হন। রাতের দিকে ধলার মোড় থেকে মানিকপুরের দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় জাতীয় সড়ক ১২ নম্বরের মানিকপুর এলাকায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা লোহার গার্ডওয়ালে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় দুই আরোহী ছিটকে পড়েন রাস্তায়। গুরুতর জখম অবস্থায় তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় তাঁদের কারও মাথায় হেলমেট ছিল না। ফলে মাথায় মারাত্মক চোট লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁদের মৃত্যু হয় বলে অনুমান।
ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উৎসবের আগেই দুই পরিবারের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে গভীর দুঃখে।