• ‘প্রার্থী হিসেবে ভূমিপুত্র চাই’, পোস্টার-পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের
    এই সময় | ১৯ মার্চ ২০২৬
  • তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিদ্রোহ দেখিয়েছিলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছিলেন হুগলির চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারও। এ বার নদিয়ার পলাশিপাড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানকে নিয়ে বিক্ষোভ। দলের পতাকা, ব্যানার নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দলের কর্মীদের একাংশ।

    এ দিন ‘প্রার্থী হিসেবে ভূমিপুত্র চাই’ দাবি তুলে পলাশিপাড়া-বেতাই রোডে তৃণমূল কংগ্রেস কর্মীরা পথ অবরোধ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় কর্মী,সমর্থকদের দাবি, দল যে প্রার্থী ঘোষণা করেছে সেই রুকবানুর রহমানকে তাঁদের পছন্দ নয়।

    দীর্ঘ সময় ধরে অবরোধ চালালে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এ বিষয়ে তৃণমূল প্রার্থী রুকবানুর রহমান জানান, ভোটে দাঁড়ানোর অনেকেরই ইচ্ছা থাকে। ওখানে একজন ইচ্ছা প্রকাশ করেছেন। তিনিই কিছু লোকজন দিয়ে এটা করিয়েছেন। তাঁর বক্তব্য, ‘যাঁরা প্রকৃত তৃণমূল কংগ্রেস করেন, তাঁরা কেউ আসেননি এই বিক্ষোভে।’

    উল্লেখ্য, ২০২১ সালে এই কেন্দ্র থেকে জিতেছিলেন তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ও তৃণমূল নেতা মানিক ভট্টাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে জেল হেফাজতে থাকতে হয়েছে তাঁকে। এ বার দল তাঁকে আর টিকিট দেয়নি।

  • Link to this news (এই সময়)