• বিজেপির হয়ে প্রার্থী হবেন অভয়ার মা, কী বললেন সেলিম?
    আজকাল | ২০ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন অভয়ার মা। আরজি কর কাণ্ডে মেয়ের বিচার ছিনিয়ে নিতে ও রাজ্যের নারীদের সুরক্ষায় অভয়ার মায়ের প্রার্থী হওয়া। এমনই জানিয়েছেন অভয়ার বাবা। পাশাপাশি অভয়ার বাবা রীতিমতো আক্রমণ শানিয়েছেন বাম নেতাদের উদ্দেশে। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে।

    আরজি কর কাণ্ডের সময়, বাম নেতারাই সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তায় ছিলেন, জন জোয়ার পথে নামিয়ে স্লোগান তুলেছেন। বিচার ছিনিয়ে নেওয়ার কথা বলেছেন। কিন্তু একেবারে ভোটের মুখে দাঁড়িয়ে অন্যসুর খোদ অভয়ার বাবার কণ্ঠে!

    কী বলেছেন অভয়ার বাবা?সংবাদমাধ্যমের  মুখোমুখি হয়ে তিনি বলেন, "রাজ্যের বিজেপি ছাড়া বাকি বিরোধী দলগুলির অবস্থা এত দুর্বল, তাদের নির্দিষ্ট কোনও গাইডলাইন নেই। তাদের কেবল ক্ষমতা দখলের পরিকল্পনা।" তারপরেই বামেদের সরাসরি নিশানা করে অভয়ার বাবা বলেন, 'কলতান যখন এসেছিল, বারবার বলেছি, আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে দেব না। কিন্তু তারা সেই এই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। সেই জায়গাটার বিরোধিতা করতে গিয়েই আমরা রাজনীতিতে আসতে বাধ্য হলাম।' তিনি আরও বলেন, 'বামপন্থী দলগুলি আন্দোলন করেছে। বিচারের জন্য কী করেছে। বিচার যাতে আমরা না পাই, সেই কাজটা করেছে। বিচার যাতে সহজ হয়, আমরা পাই, সেই কাজটা করেনি। এখনও তারা বিরোধিতা করে যাচ্ছে, বাধা দিয়ে যাচ্ছে। বিচার যাতে না মেলে। ৩৪ বছর ধরে বামপন্থীরা রাজ্যকে যে পরিস্থিতি দিয়ে গিয়েছে, পরবর্তীকালে তারাই ভোটকাটাকাটির অঙ্কে, তৃণমূলকে ক্ষমতায় এনে রাজ্যকে সেই অবস্থায় রেখেছে।" 

    কী বললেন মহঃ সেলিম?এর পাল্টা মুখ খুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃহস্পতিবার বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্তী তালিকা প্রকাশের পর মহঃ সেলিম অভয়া কাণ্ডে বিচারের দাবিতে বামপন্থীদের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বলেন, "বামপন্থীরাই প্রথমে অসহায় বাবা-মাকে বিষয়টির গুরুত্বের কথা জানিয়ে শিয়ালদহ কোর্টে গিয়েছিলাম। কোর্টের নির্দেশে ময়নাতদন্ত হয়েছিল। মীনীক্ষী-কলতান-ধ্রুবরা বুদ্ধদার শেষযাত্রা থেকে সরে গিয়ে ওনাদের সঙ্গে ছিল। তখন আমরা কার লাশ, কোন দলের সমর্থক তা জানতাম না, দেখিওনি। তৃণমূলের কর্মী, পুলিশের অত্য়াচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন ছিল সেটাই করেছিল বামপন্থীরা। তৃণমূল কাউন্সিলার লাশ পাচারের চেষ্টা করেছিল। সেটা আটকাতে গিয়েছিলাম।"

    এখনও অভয়ার বিচার মেলেনি। এ জন্য তৃণমূল, বিজেপি-কে একসঙ্গে কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, "অভয়া মামলা নিয়ে আজ কলকাতা পুলিশ যা বলেছে, সিবিআই-ও সেটাই বলেছে। ওই অসহায় মা-কে নিয়ে কলকাতা-দিল্লি বিজেপির নেতারা ঘোরাঘুরি করেছেন। কিন্তু মোদি-আমিত শাহ কেউ তাদের সঙ্গে দেখা করেননি। ভোট আলাদা কথা, পরিবার সিদ্ধান্ত নেবে তাঁরা কি করবেন। আমরা তাঁদের বলিনি ওনাকে সিপিএম হতে হবে। আমরা তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি। আইনজীবীরা লড়েছেন কোর্টে। একসময়ে তাঁদের মনে হয়েছে, বামপন্থী আইনজীবীরা নয়, নামী-দামি আইনজীবীরা বিজেপি ঠিক করে দেবে, তাঁরা লড়লে সুবিধা হবে। এরপর চিকিৎসকদের ধর্মঘট যাতে শেষ হয় সুপ্রিম কোর্টের কাছে বিজেপি-তৃণমূল তাই চেয়েছিল। তার পর থেকে মামলা সেখানেই আটকে আছে।"

    শেষ সেলিম বলেন, "অভয়ার বাবা-মা সঙ্গে কোনও বৈরিতা নেই। শুধু বলব কোনও পক্ষ অবলম্বন করবেন না। মানুষ পথে নেমেছিল অন্য়ায়ের বিরুদ্ধে। বিষয়টিকে মাথায় রাখা উচিত ওনাদের।"

    অভয়ার মায়ের বিজেপি যোগ ও বামপন্থীদের সমালোচনা প্রসঙ্গে আজকাল ডট ইনকে সিপিআইএম নেতা তথা পানিহাটির বাম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেছেন, 'যখন রাত দখল হয়েছিল তখন কিন্তু আমরা এবং লাখো মানুষ কেউ রাজনীতির রঙ দেখে যাইনি। সবাই গিয়েছিলেন, যাতে আর একটা অভয়া না হয়, আরেকটা আসিফ বানো, আরেকটা তমন্না না হয়। ওরা রাজীনীতিতে যুক্ত হন কোনও অসুবিধা নেই নেই, কিন্তু রাজনীতির লোকদের কিন্তু মানুষের কাছে জবাব দিতে হয়।' কলতানের দাবি, 'আমরা অভয়ার বিচারের লড়াইয়ে আছি। থাকব।'

    এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য বলছেন, "ওঁদের মেয়ের নৃশংশ ধর্ষণ,খুনের ঘটনার বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষ দিনের পর দিন দল মত নির্বিশেষে রাস্তায় থেকেছে। সব দেখে, শুনে ওঁদের একটা নির্দিষ্ট পথ বেছে নেওয়া মনে হতে পারে। আমি তা নিয়ে ওঁদের কথার প্রেক্ষিতে কিছু বলব না। কিন্তু, তখন যে লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল, তাঁরা যে সকলেই সিপিএম-এর মানুষ ছিলেন, এমনটা নয়। কিন্তু আমরা বিজেপিকে ঘেঁষতে দিইনি, কারণ আমাদের সামনে হাসরথ, কাঠুয়ার উদাহরণ রয়েছে। আমরা দেখেছি মহিলাদের সম্ভ্রমের বিষয়ে বিজেপির ভূমিকা কী।"
  • Link to this news (আজকাল)