• 'দুঃসময়ে পাশে থাকব': সমীর চক্রবর্তী
    আজকাল | ২০ মার্চ ২০২৬
  • মিল্টন সেন: প্রার্থী যেই হোক না কেন, ভোটের লড়াইকে কখনও হালকা ভাবে নেওয়া উচিত নয় প্রচার শুরুর আগে এই বার্তাই দিলেন পান্ডুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর চক্রবর্তী।

    বৃহস্পতিবার মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে তিনি জানান, জয়ী হলে মানুষের সুখে পাশে থাকতে না পারলেও দুঃখে ও বিপদের সময় অবশ্যই পাশে থাকবেন।

    গত মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেখানে পান্ডুয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয় সমীর চক্রবর্তীকে।

    যদিও এই কেন্দ্রের জন্য এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। অন্যদিকে, সিপিএম প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেনকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রত্না দে নাগের কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

    রাজনৈতিক মহলের মতে, এবার পান্ডুয়া বিধানসভায় লড়াই বেশ হাড্ডাহাড্ডি হতে পারে। প্রার্থী তালিকা ঘোষণার দু’দিন পর বৃহস্পতিবার পান্ডুয়ায় পৌঁছন সমীর চক্রবর্তী।

    এদিন তিনি সিমলাগড় কালীমন্দিরে পুজো দেন। সেখানে উপস্থিত ছিলেন দলের কর্মী ও ব্লক নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমীর চক্রবর্তী বলেন, ‘প্রথমে তৃণমূলের সৈনিকদের সঙ্গে দেখা করব। সৈন্য ছাড়া কোনও লড়াই হয় না। কোনও যুদ্ধকেই সহজ ভাবে নেওয়া উচিত নয়, প্রতিদ্বন্দ্বিতা যতই কম মনে হোক না কেন। শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত নির্বাচন শেষ হয় না।’

    তিনি আরও বলেন, ‘মানুষের আশীর্বাদে যদি নির্বাচিত হতে পারি, তাহলে হয়তো সুখের সময় সবসময় পাশে থাকতে পারব না, কিন্তু দুঃখের সময়, বিপদের সময় আমাকে পাশে পাবেন।’

    সিপিএম প্রার্থী আমজাদ হোসেনকে নিয়ে প্রশ্নের উত্তরে সমীর বলেন, ‘তিনি আমার সঙ্গে বিধানসভায় ছিলেন। ২০১৬ সালে তালডাংরায় আমি সিপিএমের শক্তিশালী প্রার্থী অমিয় পাত্রকে প্রায় ১৪ হাজার ভোটে পরাজিত করেছিলাম।’ শেষে তিনি দাবি করেন, ‘তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলই, অন্য কোনও দল নয়।’
  • Link to this news (আজকাল)