• উত্তরপাড়ার স্কুলে গ্যাস সঙ্কট, মিড ডে মিলে পড়ুয়াদের দেওয়া হল ফুচকা, Viral Video
    আজ তক | ২০ মার্চ ২০২৬
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা গিয়েছে। যে দেশগুলি জ্বালানির ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল, সেই দেশগুলিতেই সমস্যা প্রবল। তালিকাতে রয়েছে ভারতের নামও। গার্হস্থ্য সিলিন্ডারের ক্ষেত্রে সমস্যা তত বড় না হলেও, দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের আকাল একাধিক রাজ্যেই স্পষ্ট। এরইমধ্যে পশ্চিমবঙ্গেও গ্যাসের অভাবে নজরে এল এক বেনজির দৃশ্য।

    গ্যাস সঙ্কটের জেরে স্কুলে মিড-ডে-মিল বন্ধ, আর তার জেরে পড়ুয়াদের দেওয়া হল ফুচকা। পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার ভদ্রকালী হাইস্কুলে এই কাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। নন্দিতা সরকার নামে স্কুলেরই এক অ্যাসিসট্যান্ট শিক্ষিকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও পোস্ট করেছেন। 

    bangla.aajtak.in-কে ওই শিক্ষিকা জানান, "আমাদের স্কুলে গ্য়াসের সঙ্কট ছিল। সেই কারণেই বাচ্চাদের ফুচকা খাওয়ানো হয়েছে। কিন্তু এখন গ্যাস পাওয়া গিয়েছে। এখন সব ঠিক আছে। বাচ্চারা খুব আনন্দ করেই ফুচকা খেয়েছে। ওদের সেই আনন্দ দেখেই আমি সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও শেয়ার করি।"

    শেয়ার করা ভিডিও-টিতে দেখা গিয়েছে, স্কুলের বাচ্চারা একে একে লাইনে এসে দাঁড়াচ্ছেন। আর ফুচকাওয়ালা তাঁদের প্লেটে দুটি-তিনটি করে ফুচকা দিচ্ছেন। ওই শিক্ষিকা ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হতে শুরু করে। মুহূর্তে মিলিয়নে পৌঁছে যায় ভিডিও।

    যদিও কমেন্টে দেখা গেল নেটিজেনরা দুই ভাগে বিভক্ত। একদল ব্য়ক্তি কমেন্টে  বলছেন, এটি বেশ ইউনিক ও মজাদার ঘটনা। অন্যদিকে, বেশ কিছু ব্যক্তি দুপুর বেলা বাচ্চাদের ফুচকা খাওয়ানোর বিষয়ে তাঁদের শরীর খারাপ হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন।

     
  • Link to this news (আজ তক)