• ৫৮টি আপত্তিকর ভিডিয়ো, রাজনীতিবিদদের সঙ্গে ওঠাবসা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জ্যোতিষী
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • মহিলা ভক্তকে একাধিক বার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। বৃহস্পতিবার নাসিকের ফার্মহাউস থেকে তাঁকে হাতেনাতে পাকড়াও করেছেন ক্রাইম ব্রাঞ্চের (Nashik Crime Branch) অফিসাররা। উদ্ধার হয়েছে পিস্তল, কার্তুজ এবং ৫৮টি আপত্তিকর ভিডিয়ো। বেশ কিছু সন্দেহজনক নথিও পুলিশের হাতে এসেছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ এবং যৌন নির্যাতনের অভিযোগ এনেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি এক মহিলা অশোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নাসিক থানায়। তার পরেই শুরু হয় তদন্ত। অশোককে ধরতে IPS অফিসার তেজস্বিনী সতপুতের নেতৃত্বে গঠন করা হয় SIT। নির্যাতিতার অভিযোগ, ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে তাঁকে বারবার ধর্ষণ করেন ওই ধর্মগুরু। পুলিশি তদন্তে উঠে এসেছে শুধু একজন মহিলা নয়, একাধিক মহিলার উপরে এমন নির্যাতন চালিয়েছেন অশোক।

    এ দিন বিকেলে নাসিকের ফার্ম হাউসে হানা দেয় নাসিক পুলিশের একটি বিশেষ দল। ফার্ম হাউসের গেটে দাঁড়িয়ে ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন তাঁরা। আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে দেন। ফার্মহাউস থেকেও বেরিয়ে আসেন অশোকের লোকজন। সেই সুযোগে ভিতরে ঢোকে পুলিশ। শোওয়ার ঘর থেকে গ্রেপ্তার করা হয় অশোককে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্চেন্ট নেভির অফিসার ছিলেন অশোক। নিজেকে ক্যাপ্টেন বলে পরিচয় দিতেন। অবসরের পরে জ্যোতিষ এবং দৈবশক্তির অধিকারী বলে নাসিকের অভিজাত কানাডা কর্নার এলাকায় ‘ওকাস প্রপার্টি ডিলার্স অ্যান্ড ডেভেলপার্স’ নামে একটি অফিস খুলে বসেছিলেন তিনি। রিয়েল এস্টেটের কারবারের আড়ালে সেখানেই চলত অপরাধমূলক কাজকর্ম।

    মিরগাঁওতে তাঁর একটি মন্দির এবং অবকাশযাপন কেন্দ্র রয়েছে অশোকের। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে তাঁর একাধিক ছবি পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। শিল্পপতিরাও তাঁর কাছে ছুটে যেতেন বলে জানা গিয়েছে। মহারাষ্ট্র রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রূপালি চাকাঙ্করও অশোককে চিনতেন বলে জানিয়েছেন। তবে ধৃতের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলেও দাবি করেছেন। অশোকের গ্রেপ্তারির পরে মহারাষ্ট্রের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)