• অভিমান ভাঙল অসিতের, দেবাংশুকে ৪০ হাজার ভোটে জেতানোর টার্গেট
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • অবশেষে মান ভাঙল চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে ঝাঁপানোর কথা জানিয়ে দিলেন তিনি। চুঁচুড়ায় তাঁকে টিকিট না দেওয়ায় অভিমান হয়েছিল তাঁর। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি আর রাজনীতি করবেন না।

    তাঁর মান ভাঙাতে বুধবার সোজা তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দেবাংশু। তারপরেই বৃহস্পতিবার চুঁচুড়া খাদিনার মোড়ে বিধায়কের অফিসে পঞ্চায়েত ও পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন অসিত ও দেবাংশু। পরে তাঁদের দু’জনকে একান্তে কথা বলতে দেখা যায়। দেবাংশু ভট্টাচার্য ৪০ হাজার ভোটে জিতবেন বলেও দাবি করেন তিনি। অসিত মজুমদার নিজে জমিতেছিলেন ২০ হাজারের আশেপাশের ভোটে।

    এ দিন সাংবাদিক বৈঠকে অসিত মজুমদার বলেন, তৃণমূলের নেত্রী একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা একজনই, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে বিধায়ক সাংসদ কারও আলাদা মূল্য নেই। এর সঙ্গে তাঁর সংযোজন, দলের সভাপতিরাই দলের সব। দল বানায় কাউন্সিলর, কাউন্সিলর দল বানায় না। দলের কর্মীরাই সব, দলের কর্মীরাই শেষ কথা বলবেন।

    অসিত মজুমদার টিকিট না পাওয়ায় কিছু স্থানীয় তৃণমূল কর্মী বাজি পুড়িয়ে উল্লাস করেছিলেন বলে দাবি করা হয়েছিল। এ দিন অসিত মজুমদারের অভিযোগ, তাঁরা সবাই বিজেপির দালাল। তাহলে কি চুঁচুড়ায় গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে? বিদায়ী বিধায়কের সাফ জবাব, ‘সব এক হয়ে কাজ করবে। প্রার্থীকে জিতিয়ে আনবে।’ এ দিন অসিত মজুমদার বলেন, ‘আমি বিধায়ক আছি তাই আমার সঙ্গে এত লোক আছে। যে দিন থাকবো না, যে দিন দল করবো না আমার সঙ্গে কোন লোকও থাকবে না।’

  • Link to this news (এই সময়)