এই সময়: চমক নেই, তবে তারকা আছে! জোড়াফুলের ২৯১ জন প্রার্থী তালিকার মতো পদ্মের দ্বিতীয় দফার তালিকাতেও কয়েকজন টলিউডের তারকার নাম রইল। তবে তাঁরা কেউই নতুন মুখ নন।
বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। সেখানে রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারীর মতো রুপোলি পর্দার তারকাদের নাম তালিকায় থাকলেও বহুদিন ধরেই তাঁরা সক্রিয় ভাবে বিজেপির সঙ্গে যুক্ত। তারকা হিসেবে নন, রূপা–পাপিয়ারা বিজেপির পুরোনো কর্মী হিসেবেই টিকিট পেয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। তবে বিজেপির তালিকায় যেটুকু চমক রয়েছে তা হলো উত্তর ২৪ পরগনার জগদ্দলে। ওই কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে। তিনি অতীতে কলকাতার পুলিশ কমিশনারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।
২০২১–এর মতো এ বার আর প্রার্থী তালিকায় চমক দেওয়ার পিছনে ছোটেনি বিজেপি। বরং পার্টির সঙ্গে বহু বছর ধরে যুক্ত নেতা–নেত্রীদের গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। প্রথম দফার মতো দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও তার প্রতিফলন ঘটেছে। এখনও ৩৯টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। সূত্রের খবর, হাতে গোনা কয়েকটি কেন্দ্র ছাড়া সেখানেও দলের সক্রিয় নেতা–কর্মীদেরই টিকিট দিতে চলেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। প্রথম দফার প্রার্থী তালিকায় নন্দীগ্রাম এবং ভবানীপুর দু’টি কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাঁর ভাই দিব্যেন্দু অধিকারীর নাম আছে। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে তিনি তৃণমূলের তরুণ মাইতির বিরুদ্ধে লড়বেন। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়কে লড়তে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রের সঙ্গে। অর্থাৎ এখানে লড়াই দুই ফুলের তারায়–তারায়। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেখানে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে লড়াই হবে তাঁর।
প্রথম দফার প্রার্থী তালিকাতেই খড়্গপুর সদর কেন্দ্রের প্রার্থী হিসেবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করেছিল বিজেপি। ফলে ওই কেন্দ্রে বিজেপির সিটিং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ কার্যত প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল। এ দিন দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় তাঁক হাওড়ার শ্যামপুর থেকে টিকিট দিয়েছে বিজেপি। ২০২১–এর বিধানসভা ভোটের পরে দলবিরোধী কাজের অভিযোগে বিজেপির শীর্ষ নেতৃত্ব সাসপেন্ড করেছিল রীতেশ তিওয়ারিকে। সম্প্রতি শমীক ভট্টাচার্যর হস্তক্ষেপে তাঁকে দলে ফেরানো হয়। দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় উত্তর কলকাতার কাশীপুর–বেলগাছিয়া কেন্দ্রের পাশে তাঁর নাম জ্বলজ্বল করছে।
প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে মাথাভাঙায় প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে পাপিয়া অধিকারীকে টিকিট দিয়েছে বিজেপি। তাঁর লড়াই রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। ওই কেন্দ্রে বামেদের প্রার্থী যাদবপুরের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, যিনি অতীতে এই কেন্দ্রেই ভোটে দাঁড়িয়ে অরূপের কাছে পরাজিত হয়েছিলেন। যাদবপুরে বিজেপি টিকিট দিয়েছে শর্বরী মুখোপাধ্যায়কে। তিনি ছোট পর্দার পরিচিত মুখ। তবে তিনি বিজেপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন ২০২১ থেকে। ওই কেন্দ্রে তৃণমূল সিটিং বিধায়ক দেবব্রত মজুমদারকেই প্রার্থী করেছে। সিপিএমের হয়ে যাদবপুরে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এ ছাড়া, প্রিয়ঙ্কা টিবরেওয়াল বিজেপির টিকিট পেয়েছেন এন্টালি থেকে। বিধাননগরে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়কে। তাঁকে লড়তে হবে মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। রাজারহাট গোপালপুরে বিজেপির প্রার্থী তরুণ আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লড়বেন অদিতি মুন্সির বিরুদ্ধে।
রাজ্য বিজেপির সহ-সভাপতি তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে মানিকতলায়। প্রাক্তন বিধায়ক সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে তাঁকে লড়তে হবে। জোড়াসাঁকোয় প্রার্থী করা হয়েছে দীর্ঘ দিনের কাউন্সিলার বিজয় ওঝাকে। বালিগঞ্জ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন শতরূপা। তিনি লড়বেন তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রেখা পাত্রকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে টিকিট দিয়েছে বিজেপি। সন্দেশখালির ত্রাস বলে পরিচিত শেখ শাহজাহানের কীর্তি সামনে আসার সময়ে ওই এলাকায় আন্দোলনে নেমেছিলেন রেখা। লোকসভা ভোটে তাঁকে বসিরহাট থেকে প্রার্থী করেছিল বিজেপি। যদিও তিনি পরাজিত হন। ব্যারাকপুর বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তভ বাগচী। তাঁর লড়াই তৃণমূলের তারকা প্রার্থী তথা সিটিং বিধায়ক রাজ চক্রবর্তীর সঙ্গে।
প্রথম দফার তালিকা থেকে এ দিন এক জনের নাম পরিবর্তন করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর কেন্দ্রে এর আগে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিশ্বর নস্করকে। তা বদলে ওই কেন্দ্রে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে। জয়পুর কেন্দ্রে বিজেপি সমর্থিত প্রার্থীর নাম বিশ্বজিৎ মাহাতো। বিজেপির দ্বিতীয় দফার এই তালিকায় ২০ জন মহিলা প্রার্থী রয়েছেন।