এই সময়, খড়্গপুর: খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে পথ-কুকুর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। এমনকী, প্রতিষ্ঠানের ভিতরে যে সব জায়গা পথ-কুকুরদের খাবারের জন্য চিহ্নিত করা হয়েছিল, সেগুলোও আর রাখা যাবে না। আইআইটি-র পড়ুয়া, গবেষক, অধ্যাপক ও কর্মীদের কুকুরের কামড় থেকে বাঁচাতেই এই বিজ্ঞপ্তি জারি করা হলো বলে দাবি কর্তৃপক্ষের।
গত ১৬ মার্চ জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া এবং কর্মীদের কুকুরে কামড়ানোর ঘটনা যাতে না ঘটে সে জন্য প্রতিষ্ঠানের ভিতরে কুকুর ঢুকতে দেওয়া যাবে না। আইআইটি-র নিরাপত্তার দায়িত্বে থাকা নোডাল অফিসারকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক আইআইটি-র সিনিয়র অধ্যাপকরা জানাচ্ছেন, ক্যাম্পাসে প্রচুর পথ কুকুর রয়েছে।
তারা যে শুধু ক্যাম্পাসের ভিতরে রাস্তায় বা ফাঁকা জায়গায় ঘোরে তা নয়, অধ্যাপকদের চেম্বারের সামনে, গবেষণাগারের সামনে ও বারান্দায় বসে থাকে। কখনও কখনও ক্লাসরুমেও ঢুকে পড়ে। পড়ুয়া ও কর্মীদের অনেকেই কুকুরের কামড় খেয়েছেন। কিন্তু পশুপ্রেমী সংগঠনগুলির কারণে, কোনও পদক্ষেপ করা যায়নি। তাই শিক্ষামন্ত্রক ও সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে পদক্ষেপ শুরু হয়েছে। যদিও পশুপ্রেমী সংগঠনগুলো এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপের কথা ভাবছে।