আজকাল ওয়েবডেস্ক: হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু যে ভয়াবহ ঘটনা ঘটল রোগীর সঙ্গে, পরিণতি হল মৃত্যু। তথ্য, আরজি করে চিকিৎসার জন্য গিয়েছিলেন দমদমের বাসিন্দা। হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার লিফটে আটকে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স চল্লিশ বছর। নাম, অরূপ বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে চিকিৎসার জন্য পাঁচ তলায় লিফটে করে যাচ্ছিলেন আজ ভোরে। ছেলে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে।
সূত্রের খবর, ওই ব্যক্তির অপর এক পুত্র ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তাঁর কাছেই যাচ্ছিলেন তিনজন। তখনই লিফট আটকে পড়ে। সেখানে হৃদ রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে বাকি দু'জন সুস্থ রয়েছেন বলেই তথ্য প্রতিবেদন লেখার সময় পর্যন্ত।
একই সঙ্গে জানা গিয়েছে, ঘটনার সময় লিফটে কোনও লিফট ম্যান ছিলেন না। ইতিমধ্যেই লিফট ম্যানকে আটক করা হয়েছে। হাসপাতালের মধ্যে কীভাবে এই যান্ত্রিক ত্রুটি, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনা কীভাবে ঘটল না নিয়েও।
ঘটনায় উত্তাল হয় এলাকা। অন্যান্য রোগীর পরিজনেরা ক্ষোভ দেখাতে শুরু করেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ।