নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলায় সরকার গড়ার স্বপ্ন দেখছে বিজেপি। তবে প্রার্থী ঘোষণা নিয়ে তাদের এখন ল্যাজেগোবড়ে অবস্থা। সোমবার বিজেপির প্রথম দফায় প্রার্থী তালিকায় বিষ্ণুপুর কেন্দ্রে অগ্নীশ্বর নস্করের নাম ঘোষণা করা হয়েছিল। বিজেপি কর্মীরা দেওয়াল লিখনও শুরু করে দিয়েছিলেন। পাঁচদিনের মাথায় সেই প্রার্থীকে বদল করে পাঠানো হল সাতগাছিয়ায়! শুধু তাই নয়, বিষ্ণুপুরে বিশ্বজিৎ খাঁ নামে যাকে প্রার্থী ঘোষণা করা হল দ্বিতীয় তালিকায় তাঁকে নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ এই বিধানসভা আসন তপসিলি জাতি সংরক্ষিত। অথচ, বিশ্বজিৎবাবু সাধারণ ক্যাটিগরির। আর বিজেপির এই কাণ্ডে তৃণমূল শিবিরে হাসির রোল উঠেছে। বিজেপির অন্দরেও তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। কীভাবে এমন প্রার্থী দেওয়া হল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এদিন বিকাল থেকে বিষ্ণুপুরে বিজেপি নেতাকর্মীদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ। এক নেতার কথায়, এটা কি ছেলেখেলা হচ্ছে? কারা প্রার্থী চয়ন করেছে! কে এসসি, কে নয়, সেটা না জেনে প্রার্থীর নাম ঘোষণা করা হল কীভাবে? ভোটের আগে তৃণমূলকে সুবিধা করে দেওয়া হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেছেন। সূত্রের খবর, প্রথমে যাঁকে বিষ্ণুপুরে প্রার্থী করা হয়েছিল, সেই অগ্নীশ্বরবাবু নিজেই সাতগাছিয়া থেকে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। দ্বিতীয় তালিকায় তাঁরই ইচ্ছায় সিলমোহর দেওয়া হল। একবার দেওয়াল লিখন হয়ে যাওয়ার পর আবার সেগুলি মুছতে হবে বলে জানান দলীয় কর্মীরা। ভোটারদের কাছে ভুল বার্তা যাবে, তাঁরা বিভ্রান্ত হবেন। এছাড়া বিষ্ণুপুর কেন্দ্রের ক্ষেত্রে তপশিলি জাতি প্রার্থী না দেওয়ায়, সমস্যায় পড়বে বিজেপি। সেক্ষেত্রে মনোনয়ন জমা দিতে পারবেন না বিশ্বজিৎবাবু। বিজেপির এমন কাণ্ডকে তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল। তিনি বলেন, বিজেপি যে সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেটাই স্পষ্ট। ওরা নিজেদের প্রার্থী নিয়ে সন্দেহ করছে বলে প্রার্থী বদল করেছে। এদিকে, নিজের নাম ঘোষণার পর অবাক হয়েছেন বিজেপির প্রার্থী। তিনি বলেন, আমি জেনারেল ক্যাটিগরির। সেক্ষেত্রে কীভাবে আমার নাম প্রার্থী তালিকায় এল জানি না। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। এদিকে, বিজেপির দ্বিতীয় তালিকাতেও দক্ষিণ ২৪ পরগনার সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না। তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র হল সোনারপুর উত্তর। এছাড়াও এবারই প্রথম সাগর বিধানসভার বিজেপির প্রার্থী হিসাবে নামখানার বাসিন্দার নাম ঘোষণা করা হয়েছে।