এই সময়, কালনা: চাঞ্চল্যকর অভিযোগ করলেন পূর্বস্থলী উত্তরের বিদায়ী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি দাবি করেছেন, দলের প্রার্থী হওয়ার জন্য তাঁর কাছে বিপুল পরিমাণ টাকা চাওয়া হয়েছিল। তিনি তা দিতে পারবেন না বলে জানিয়ে দেন। রাজনৈতিক মহল মনে করছে, ঘুরিয়ে তিনি বলতে চেয়েছেন, সেই কারণেই এ বার তাঁকে প্রার্থী করা হয়নি।
প্রার্থী না-হওয়ার প্রতিক্রিয়ায় বুধবার রীতিমতো অভিমানের সঙ্গে তপন জানিয়েছিলেন, প্রয়োজনে রাজনীতি থেকে অবসর নেবেন। ইতিমধ্যেই তিনি পূর্বস্থলীর স্টেশন রোড লাগোয়া এলাকায় তাঁর কার্যালয়ে 'প্রাক্তন বিধায়কের কার্যালয়' লিখেও দিয়েছেন।
তাঁর বৃহস্পতিবারের বক্তব্য সম্পর্কে পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী বলেছেন, 'এই অভিযোগটা বোধহয় সর্বৈব মিথ্যা। ' তিনি এ দিন সিপিএম-কে মার্কসীয় মৌলবাদী ও বিজেপি-কে ধর্মীয় মৌলবাদী বলে অভিহিত করেছেন। জবাবে এই কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রদীপ সাহা বলেছেন, 'মৌলবাদ কী বুঝলে মার্কসীয় মৌলবাদ বলতেন না।'