• সিটি সেন্টারের কাছে গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেপ্তার গুজরাটের বাসিন্দা
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জেলায় জেলায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের কাছে একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ নগদ টাকা।

    গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ইকোপার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে অভিযান চালায়। একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি করা হয়। পুলিশ সূত্রে খবর, সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। সুরেশ গুজরাটের বাসিন্দা। তল্লাশিতে ওই গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। টাকার উৎস সম্পর্কে সঠিক প্রমাণ বা কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তার করা হয়েছে সুরেশ ঠাকুরকে।

    উল্লেখ্য, দু’দিন আগেই আলিপুরদুয়ার জেলায় নাকা তল্লাশির সময়ে বিপুল নগদ টাকা উদ্ধার হয়। অসমের নাম্বার প্লেট লাগানো একটি গাড়ি দেখে সন্দেহ হয় পুলিশের। গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিশ। টাকার উৎস সম্পর্কে সঠিক প্রমাণ বা কাগজপত্র দেখাতে না পারায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়।

    গত ১৫ মার্চ পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই দিন থেকেই রাজ্য লাগু হয় আদর্শ আচরণবিধি। সাধারণত ৫০ হাজার টাকার অধিক নগদ বা ১০ হাজার টাকার অধিক মূল্যের সামগ্রী নিয়ে যাতায়াত করলে সেই সামগ্রী বা অর্থের উৎস সম্পর্কে সঠিক নথি বা প্রমাণ দেখানোর নির্দেশিকা রয়েছে। নচেৎ সেই অর্থ বা জিনিস বাজেয়াপ্ত করতে পারে পুলিশ।

  • Link to this news (এই সময়)