• শান্তিপূর্ণ নির্বাচনই লক্ষ্য, ভোটের প্রস্তুতি দেখতে বৈঠক অবজার্ভারদের
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • এই সময়, তমলুক: আসন্ন ভোটকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরে। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের ভোট পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনায় ২৫ জন অবজার্ভারকে নিয়ে বৈঠক করল জেলা প্রশাসন।

    বৃহস্পতিবার নিমতৌড়িতে জেলাশাসকের কার্যালয়ে ওই বৈঠকে ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলাশাসক, ১৬টি বিধানসভার রিটার্নিং অফিসার–সহ পদস্থ আধিকারিকরা। বৈঠকে নির্বাচন কমিশনের নিযুক্ত জেনারেল অবজার্ভার, পুলিশ অবজার্ভার ও এক্সপেন্ডিচার অবজার্ভারদের সঙ্গে জেলার সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের জন্য ১৬ জন জেনারেল অবজার্ভার, চারটি মহকুমার জন্য চারজন পুলিশ অবজার্ভার এবং পাঁচ জন এক্সপেনডিচার অবজার্ভার নিযুক্ত হয়েছেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রেই একজন করে সাধারণ পর্যবেক্ষক থাকবেন, যাঁরা ভোট প্রক্রিয়ার ওপর সরাসরি নজরদারি করবেন।

    সূচি অনুযায়ী, ৩০ মার্চ গেজেট নোটিফিকেশন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। যাচাই ৭ এপ্রিল এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। জেলায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল এবং ভোটগণনা ৪ মে। ৬ মে-র মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রাখা হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ভোটার প্রায় ৪০ লক্ষ ৮৫ হাজার ৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ লক্ষ ৫ হাজার ১৯২, মহিলা ভোটার ১৯ লক্ষ ৭৯ হাজার ৮০৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৯ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার ৯৪৯। জেলায় মোট ৪৪২০টি প্রধান বুথ ও ৬২০টি সহায়ক বুথ রাখা হয়েছে। এ বারে বুথের ভিতরের পাশাপাশি বাইরেও সিসিটিভি–র নজরদারি থাকবে। প্রচারের খরচ এবং রাজনৈতিক গতিবিধির উপরেও নজরদারি চালানো হচ্ছে।

    জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল বলেন, ‘জেলায় ২৫ জন অবজার্ভার এসেছেন। আজকের বৈঠকে জেলা প্রশাসনের প্রস্তুতি, ম্যানপাওয়ার ও পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে, তাতে অবজার্ভাররা সন্তুষ্ট। জেলায় স্বচ্ছ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বত্র সতর্ক রয়েছে।

  • Link to this news (এই সময়)