শুক্রবার সকালে চাঞ্চল্য কলকাতায়। আরজি করের পরে এ বার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকেও এল রহস্যমৃত্যুর খবর। সরকারি হাসপাতাল চত্বর থেকে উদ্ধার হলো এক তরুণের ঝুলন্ত মৃতদেহ।
জানা গিয়েছে, মৃত যুবক হাসপাতালের সাফাইকর্মী। এ দিন সকালে হাসপাতালের মেইন ব্লকের উল্টোদিকে গ্যাস্ট্রো ওপিডি-র কাছে চারতলা থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ইমরান সর্দার (২২)। তিনি হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করতেন।
হাসপাতাল সূত্রে খবর, সকালে SSKM কর্মীরাই প্রথম ঝুলন্ত দেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, এ দিন সকালেই শহরের অন্য সরকারি হাসপাতাল আরজি করেও ঘটেছে এক মর্মান্তিক কাণ্ড। সন্তানের চিকিৎসা করাতে এসে RG Kar হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। প্রাথমিক ভাবে অনুমান, লিফট দুর্ঘটনার জেরে ভিতরে আটকে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।