• ‘বিক্ষুব্ধ’ BJP নেতাকে তৃণমূলে যোগদানের ‘চাপ’ পুলিশ আধিকারিকের, গুরুতর অভিযোগ শুভেন্দুর, কী বলছে TMC?
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে বিজেপি। ২১-এর নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। টিকিট না পাওয়ার পরেই গোঁসা করেন বিশ্বনাথ। দল ছাড়ার কথাও ঘোষণা করেন তিনি। শুক্রবার সকালে তাঁর বাড়িতে হাজির হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় ৪৫ মিনিট বৈঠকের পরে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। শুভেন্দুর দাবি, বিশ্বনাথ দল ছাড়ার কথা ঘোষণা করতে মহিষাদল থানার এক পুলিশ আধিকারিক তাঁকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার প্রস্তাব দিয়েছিলেন।

    এ দিন সকালে মহিষাদল থানায় যান শুভেন্দু। থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘পুলিশকে বলব নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। আপনাদের বেতন সরকার দেয়। বেতন তৃণমূল কংগ্রেস দেয় না। এ সব করলে কেউ বাঁচাতে পারবে না। আমরা এ বার নির্বাচন অন্য ভাবে করব।’ এরকম ঘটনা পরে ঘটলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে বলেও জানান তিনি। অন্য দিকে, মহিষাদল থানার এক পুলিশ বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। উনি থানায় এসে কী জানিয়েছেন তা জানা নেই।’

    দল টিকিট না দেওয়ার পরে গত ১৬ মার্চ সংবাদমাধ্যমকে বিশ্বনাথ জানিয়েছিলেন, বিজেপি দল ‘কর্পোরেট সংস্থা’য় পরিণত হয়েছে। প্রার্থী তালিকায় সেই প্রভাব লক্ষ্য করা গিয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এ দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করার পরে বিশ্বনাথ জানান, তিনি বিজেপিতে ছিলেন, আগামী দিনেও থাকবেন।

    মহিষাদল বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক ও এ বছরের প্রার্থী তিলককুমার চক্রবর্তী বলেন, ‘তাসের ঘরের মতো বিজেপি ভেঙে যাচ্ছে। উনি সবাইকে আটকাতে পারবেন। এরকম অনেক বিশ্বনাথ দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। ধমকে কোনও লাভ হবে না।’

  • Link to this news (এই সময়)