নিউটাউনে উদ্ধার ২৫ লক্ষ টাকা, ধৃত গুজরাটের বাসিন্দা
আজকাল | ২০ মার্চ ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখেই বিপুল টাকা উদ্ধার। নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ ক্যাব থেকে উদ্ধার হয়েছে ২৫ লক্ষ টাকা। ঘটনায় গ্রেপ্তার এক জন। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ এর যৌথ অভিযানে এই বিপুল টাকা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ শুক্রবার সকাল থেকে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওত পেতে ছিল। একটি অ্যাপ ক্যাব আটকে তল্লাশি চালায় পুলিশ। সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তি এই টাকা নিয়ে আসছিলেন। জানা গেছে ওই ব্যক্তি গুজরাটের বাসিন্দা। জানা গিয়েছে, কলকাতার বড় বাজার থেকে টাকা নিয়ে আসা হচ্ছিল নিউটাউনে। বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করা হয়। এরপর গাড়িটিতে তল্লাশিতে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয়েছে সুরেশ ঠাকুরকে। এই টাকা কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গেছে, ধৃত ব্যক্তি কলকাতাতেই থাকেন। ধৃতকে শুক্রবার বারাসত আদালতে তোলা হবে। এই টাকা কার থেকে আনছিল ওই ব্যক্তি। নিউটাউন এলাকায় কাকে দেওয়ার কথা সমস্ত কিছু খতিয়ে দেখছে বিধাননগর গোয়েন্দা পুলিশ ও ইকোপার্ক থানার পুলিশ।
এদিকে, দু’দিন আগেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার শহরে এক অসম নম্বরের গাড়িতে তল্লাশি চালিয়ে একগাদা নগদ টাকা উদ্ধার হয়। আলিপুরদুয়ার শহরের চৌপতি সংলগ্ন এলাকায় এক হোটেলে এক দম্পতির কাছ থেকে ওই বিপুল টাকা উদ্ধার হয়।
তল্লাশিতে উদ্ধার হয় নগদ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা। ওই দম্পতি নিজেদের ব্যবসায়ী বলে দাবি করেছিল। ঘটনার তদন্ত করছে পুলিশ। এরই মধ্যে নিউটাউনে সিটি সেন্টারের সামনে থেকে উদ্ধার হল নগদ ২৫ লক্ষ টাকা।