কলকাতার ঐতিহ্যশালী বেকারি নাহুম'স-এর ঝাঁপ বন্ধ, আর খুলবে? কেক মিলছে না
আজ তক | ২০ মার্চ ২০২৬
৪ হাজার কিলোমিটার দূরে চলা যুদ্ধের প্রভাব পড়েছে এই ইহুদি বেকারিতেও। নিউ মার্কেটের ১২৩ বছর পুরনো নাহুম অ্যান্ড সন্স তাদের ঝাঁপ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। গত বুধবার থেকে হগ মার্কেটের ভিতর ঢুঁ মারতেই দেখা যাচ্ছে শাটার নামানো এই বেকারির। আর দোকান বন্ধ করার কারণও ব্যাখ্যা করে দিয়েছেন কর্তৃপক্ষ।
একটি নোটিশ টাঙানো হয়েছে বেকারির শাটারের গায়ে। সেখানে লেখা হয়েছে, LPG সঙ্কটের কারণে দোকান বন্ধ থাকছে। ১৮ মার্চ থেকে বন্ধ হয়েছে দোকানটি। কবে খুলবে? সেটিও উল্লেখ করা হয়েছে ওই নোটিশে।
লেখা হয়েছে, ২২ মার্চ অর্থাৎ সোমবার থেকে ফের খুলবে নাহুম'স। যদিও দোকানের কর্মচারীদের আশঙ্কা এখনও পর্যন্ত গ্যাস সিলিন্ডারের জোগান স্বাভাবিক হয়নি। ফলে দোকান আদৌ খুলবে কি না বা খুললেও তা স্বাভাবিক ভাবে চালানো সম্ভব হবে কি না, তা বলা যায়নি।
পিটিআই-কে নাহুম'সের ম্যানেজার জগদীশ হালদার বলেন, 'কোনওমতে ম্যানেজ করে চালাচ্ছিলাম দোকান। তবে LPG সঙ্কট আরও বেড়ে গিয়েছে। ফলে দোকান বন্ধ করতে বাধ্য হয়েছি আমরা।' জানা গিয়েছে, প্রথম প্রথম কিছু আইটেম কমিয়ে দিয়েছিলেন তাঁরা। অনেক গ্রাহকই এসে পছন্দসই কেক চেয়েও পাননি। খালি হাতে ফেরাতে হয়েছে অনেককে। ফলে গত বৃহস্পতিবার থেকে পুরোপুরি বন্ধ রাখার পথেই হেঁটেছে নাহুম'স।
হগ মার্কেটের ভিতর নাহুম'সের আশপাশেপ দোকানগুলিও এই বেকারির আচমকা ঝাঁপ বন্ধে হতবাক। সাধারণত শনিবার এমনিতেই দোকানটি বন্ধ থাকে। তবে এরকম ভাবে অনির্দিষ্টকালের জন্য কখনও নাহুম'স বন্ধ হতে দেখেননি তারা। এর আগে সেই ২০১৩ সালে বেকারির মালিক ডেভিড নাহুমের মৃত্যুর সময়ে বন্ধ থাকতে দেখা গিয়েছিল এই দোকান। এবার সুদূর মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে তৈরি হওয়া গ্যাস সঙ্কটে প্রিয় নাহুম'সের কেকে না পেয়ে মন খারাপ গ্রাহকদের।