আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট (West Bengal Election 2026)। তার আগে আইনশৃঙ্খলায় কোনও ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন (election Commission of India)। দুই দফার ভোটের জন্য রাজ্যে আসতে চলেছে আরও ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার সঙ্গেই যোগ দেবে এই ১,৯২০ কোম্পানি।
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে গত ২১ ফেব্রুয়ারি ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ১ মার্চ প্রথম দফায় রাজ্যে পা রাখে ২৪০ কোম্পানি। এর পরে ১০ মার্চ বাকি ২৪০ কোম্পানি বাহিনী মোতায়েন হয় রাজ্যে।
কিন্তু প্রথম দফার ভোটের আগে আরও কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী আগামী ৩০ মার্চের মধ্যে অতিরিক্ত ১,৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পর্যন্ত এই বাহিনী পশ্চিমবঙ্গেই থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ দুই দফার ভোটে এখনও পর্যন্ত ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে ভোট মেটার পরে ইভিএম পাহারা, স্ট্রংরুমে নজরদারি এবং গণনা কেন্দ্রের সুরক্ষার জন্য ২০০ কোম্পানি CAPFs মোতায়েন থাকবে। শুধু মাত্র রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাকি ১৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভোট শেষ হওয়ার পরে ফেরত পাঠানো হবে।
উল্লেখ্য, রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসনে ভোট হবে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। ভোটগ্রহণ হবে ১৪২ আসনে। ভোটের ফলপ্রকাশ হবে ৪ মে। গত বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছিল বাংলায়। তবে এবার ২ দফায় ভোটের জন্য গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে কমিশন।