• নাম করে মোদি-শাহকে বিঁধলেন মমতা
    আজকাল | ২১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন মমতা ব্যানার্জি। তবে তার আগে তুলোধোনা করতে ছাড়লেন না বিজেপিকেও।

    তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মমতার কথায়, 'দেশে দু'জন কাজ করে। এক মোদি, আর একজন তাঁর ভাই অমিত শাহ। মোদি আর অমিত শাহ মিলে দেশভাগের চক্রান্ত করছে। রাজনৈতিক থেকে গণতান্ত্রিক চক্রান্ত করা হচ্ছে।'

    মুখ্যমন্ত্রী জানান, 'বিজেপি বাংলা দখল করে বাংলা রাজ্যকেই তুলে দিতে চাইছে। এর আগে উত্তরবঙ্গকে ভেঙে আলাদা রাজ্য করতে চেয়েছিল। শুনছি, ভোটের পর আবার এটা নিয়ে বসবে।'

    মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, 'বাংলাকে যদি রক্ষা করতে হয়, বিজেপিকে উচিত শিক্ষা দিন। ওরা যদি টাকা দেয়, নেবেন না। এগুলো সব চুরি করা টাকা। বাংলার অস্মিতা, ভাষা, ইতিহাস বজায় থাকুক, এটা বিজেপি চায় না।'

    মমতার আরও দাবি, 'বিজেপি শাসনে দেশে কোনও আইন-সংবিধান নেই। বাংলার মানুষ নরেন্দ্র মোদিকে পছন্দ করছে না, বিজেপি ক্ষমতায় আসবে না।'

    বক্তব্যের শুরুতেই নির্বাচন কমিশন, গেরুয়া শিবিরকে একহাত নেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। একেবারে শুরুতেই তিনি বলেন, 'নির্বাচন কমিশনের চক্রান্ত অনেক লক্ষ্য করেছি। কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্ত ছাড়িয়ে গিয়েছে।' যেন তেন প্রকারে বাংলা দখল করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন মমতা। 
  • Link to this news (আজকাল)