• সল্টলেকে বিজেপি দপ্তরে বিক্ষোভ কর্মী–সমর্থকদের
    আজকাল | ২১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সল্টলেকে বিজেপি অফিসে ধুন্ধুমার। দলের বিরুদ্ধে নয়। প্রার্থী পছন্দ হয়নি বলে ক্ষোভ। জানা গিয়েছে, বেলেঘাটার বিজেপি প্রার্থী পার্থ চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সল্টলেকে বিজেপির দপ্তরে বিক্ষোভে সামিল হন দলীয় কর্মীরা। পরিস্থিতি সামাল দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়–সহ অন্য নেতারা।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপর থেকেই প্রার্থী পছন্দ হয়নি বলে জেলায় জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মী ও সমর্থকরা। দাবি মানা না হলে দল থেকে পদত্যাগ করে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে সল্টলেকে বিজেপির দপ্তরে কর্মীদের একাংশ প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দেন। বিজেপি দপ্তরের সামনে অনেকে বসে পড়ে বিক্ষোভ দেখান।

    সূত্রের খবর, বেলেঘাটার বিজেপি প্রার্থীকে নিয়ে সেখানকার দলীয় কর্মীদের অনেকেই সন্তুষ্ট নন। বদলাতে হবে প্রার্থী। এই দাবি নিয়ে শুক্রবার বিজেপির দপ্তরে গিয়ে ক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। স্লোগান দিতে থাকেন তাঁরা। কর্মীদের ক্ষোভ কমানোর চেষ্টায় রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। যদিও তাঁদের সামনেই ক্ষোভ উগরে দেন কর্মীরা। তবে শমীক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, প্রার্থী নির্বাচনের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্মীদের বিক্ষোভের বিষয়টি আবার মানতে চাননি লকেট। 

    অন্যদিকে, মালদার বৈষ্ণবনগরে প্রার্থীর বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা। শুক্রবার দুপুরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রাজু কর্মকারকে। সেখানে প্রার্থীকে ‘বহিরাগত’ তকমা দিয়ে কর্মীরা ক্ষোভ উগরে দিয়েছেন। 

    প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এখনও পর্যন্ত দু’দফায় ২৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

     
  • Link to this news (আজকাল)