• নির্বাচনী ইস্তেহারে মমতার চমক ‘দুয়ারে চিকিৎসা’
    আজকাল | ২১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল। শুক্রবার কালীঘাটে নিজের বাসভবন থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে পাশে বসিয়ে ইস্তেহার প্রকাশ করেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। এই বারের ইস্তেহারে সরকারি প্রকল্পগুলিকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নেওয়া হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলে ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্পের ঘোষণা করেছেন মমতা। এই প্রকল্পের আওতায় প্রতিটি ব্লক, শহরে মানুষের বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। 

    বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় মমতা বলেন, ‘‘দুয়ারে চিকিৎসা হবে এবার৷ দুয়ারে ক্যাম্প হবে। স্বাস্থ্যসাথী আছে আমাদের৷’’ তিনি জানান, দুয়ারে চিকিৎসা প্রকল্পের আওতায় প্রতি বছর, প্রতি ব্লকে ক্যাম্প হবে, দুয়ারে ক্যাম্প হবে।

    তৃণমূলের ইস্তেহার অনুযায়ী, প্রতিটি ব্লক এবং শহরে বার্ষিক দুয়ারে চিকিৎসা ক্যাম্প আয়োজন এবং সমস্ত  ব্লকস্তরের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ন্যায্য মূল্যের ওষুধের দোকান স্থাপনের মাধ্যমে সকলের জন্য সহজলভ্য এবং সুলভ স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা হবে সরকারের তরফ থেকে। এছাড়াও, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা, কেস-বাই-কেস রেফারেল, ওষুধ এবং একটি সুনির্দিষ্ট রোগী ট্র্যাকিং ও সহায়তা ব্যবস্থার মাধ্যমে পরবর্তী চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে, যাতে কোনও রোগীই চিকিৎসা থেকে বঞ্চিত না হন।

    তৃণমূলের ইস্তেহারে ১০টি বিষয়ে নজর দেওয়া হয়েছে। কৃষি, স্বাস্থ্য থেকে শুরু করে শিল্প, শিক্ষা, কর্মসংস্থান সব বিষয়ে নজরে দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে দুয়ারে চিকিৎসা ছাড়াও ইস্তেহারে প্রতিটি ব্লকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, রাজ্যে নির্দিষ্ট কিডনি ব্যাঙ্ক স্থাপন, মানসিক স্বাস্থ্যের সঙ্কটের ক্ষেত্রে এসওএস (SOS) কলে সাড়া দিতে রাজ্য জুড়ে ‘মনের সাথী’ নামে একটি হেল্পলাইন চালু করা হবে, উন্নত স্তরের স্বাস্থ্য পরিষেবার সুযোগ এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য সাথী নেটওয়ার্কের হাসপাতালের সংখ্যা বৃদ্ধি, অসংক্রামক রোগগুলির সার্বজনীন পরীক্ষা করার সুবিধা, রাজ্য সরকারের পেনশন-প্রাপকদের অতিরিক্ত স্বাস্থ্য পরিষেবার কভার ইত্যাদি বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 
  • Link to this news (আজকাল)