• নন্দীগ্রাম চাই নওশাদের, বামপ্রার্থীকে সরাতে চিঠি বিমানকে
    আজ তক | ২১ মার্চ ২০২৬
  • বামেরা ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে। তা সত্ত্বেও নন্দীগ্রাম আসন ছাড়তে নারাজ ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। উল্টে প্রার্থী তুলে নেওয়ার আর্জি জানিয়ে আলিমুদ্দিনে মেল করলেন নওশাদ সিদ্দিকি। শুক্রবার হুগলির ফুরফুরা থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই জানিয়ে দেন, বামফ্রন্টের সঙ্গে ২৯টি আসনে সমঝোতা হয়েছে ISF-এর। তবে এর মধ্যে রয়েছে নন্দীগ্রাম সহ ৪টি এমন আসন যেখানে বামেদের তরফে ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে জট অব্যাহতই থাকল। 

    কারও নাম ঘোষণা না করলেও এদিন নওশাদ জানিয়ে দেন, এবারের নির্বাচনে কোন কোন আসনগুলি থেকে লড়বেন খাম চিহ্নের প্রার্থীরা। একইসঙ্গে তাঁর সাফ বক্তব্য, 'অবশেষে বামেদের সঙ্গে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। একাধিকবার চিঠির আদানপ্রদান, আলিমুদ্দিনে আলোচনার পর ঐকমত্যে পৌঁছেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আসন নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করেছি। তবে বামেরা যাতে সংশ্লিষ্ট ৪টে আসনে প্রার্থী না দেয়, সেই আবেদন আবার জানাচ্ছি।'

    কোন কোন আসনগুলি থেকে প্রার্থী প্রত্যাহারের আর্জি ISF-এর?
     পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা এবং মুরারই। ইতিমধ্যে বামেরা এই ৪ আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে। কিন্তু, এই ৪টি বিধানসভা আসনে তাঁরা প্রার্থী দেবেন বলে সাংবাদিক বৈঠকে জানান, ISF-এর কার্যনির্বাহী সভাপতি সামসুর আলি মল্লিক। তিনি বলেন, ' বামেদের আমরা পত্র মারফত, ইমেল মারফত জানিয়েছি। এই ৪টে আসনে যাতে বামেরা প্রার্থী না দেন, সেই আবেদন জানাচ্ছি।'

    ISF-এর প্রার্থী তালিকা কবে?
    নওশাদ সিদ্দিকি বলেন, 'আগামীকাল ইদ উদযাপন। স্বাভাবিক ভাবে মানুষ উৎসবের মেজাজে রয়েছেন। ইদের পরপরই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব।' 

    কোন কোন আসনে লড়বে ISF?
    মালদা জেলার মোথাবাড়ি এবং সুজাপুরে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ এবং হরিহরপাড়ায়, নদিয়ার নাকাশিপাড়ায়, উত্তর ২৪ পরগনার অশোকনগর, আমডাঙা, মধ্যমগ্রাম, দেহঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট উত্তর, বাদুড়িয়া, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তি, কুলপি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পশ্চিম, ভাঙড়, হাওড়া জেলার উলুবেড়িয়া এবং জগৎবল্লভপুর, হুগলি জেলার হরিপাল এবং খানাকুল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল, পশ্চিম মেদিনীপুরের শালবনি, পশ্চিম বর্ধমানের বারাবনি, বীরভূমের বোলপুরে। 

    তবে নন্দীগ্রাম নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হল। এই কেন্দ্রে ফের লড়ছেন বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থী করেছে একদা শুভেন্দু ঘনিষ্ঠ দলবদলকারী পবিত্র করকে। বামেদের প্রার্থী CPI-এর শান্তি গিরি। এবার ISF-ও জানিয়ে দিল এই আসনে তারা লড়বে। ফলে বামেরা তাদের জোটসঙ্গীকে আসন ছাড়ে না সেখানে চতুর্মুখী লড়াই হয়, সেটাই এখন দেখার।

     
  • Link to this news (আজ তক)