• নাতনির অন্নপ্রাশনের নিমন্ত্রণ করতে যাওয়ার পথে মাথায় গাছের ডাল, মৃত্যু দাদুর
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • সপ্তাহখানেক পরেই ছিল নাতনির অন্নপ্রাশন। আনন্দে মশগুল ছিলেন দাদু। নাতনির অন্নপ্রাশনের যাবতীয় দায়িত্ব নিজেই পালন করেছিলেন। নিমন্ত্রণের কাজও তিনি করছিলেন। তার মধ্যেই ঘনিয়ে এল বিপদ। অন্নপ্রাশণের নিমন্ত্রণ করতে গিয়ে মাথায় গাছের ডাল ভেঙে পড়ে প্রাণ হারালেন দাদু।

    শুক্রবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়। পিংলার জলচক সংলগ্ন পশ্চিমচক পেট্রোল পাম্পের কাছে এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তরুণ পাঁজা, তাঁর বাড়ি সবংয়ের বলপাই অঞ্চলের পানপাড়া গ্রামে। এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

    এ দিন সাইকেলে চড়ে অন্নপ্রাশণের কার্ড দিতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। আগামী সপ্তাহেই অন্নপ্রাশণের অনুষ্ঠান হওয়ায় কাজের তাড়াও ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে তাঁর মাথায় গাছের ডাল ভেঙে পড়ে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিমচক পেট্রোল পাম্পের কাছে রাস্তার পাশে একাধিক বড় বড় গাছ রয়েছে। এ দিন দুপুরে একটি হনুমান এক গাছ থেকে অন্য গাছে লাফ দিচ্ছিল, সেই সময়ই ভেঙে পড়ে একটি ডাল। ঠিক তখনই গাছের নীচে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন তরুণ পাঁজা। ডালটি সরাসরি তাঁর মাথার উপর পড়তেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর পঞ্চাশের ওই ব্যক্তি।

    স্থানীয় ব্যক্তিরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, সেখানেই চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়িতে খবর যেতেই কান্নায় ভেঙে পড়েন সকলেই।

    সবং ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স বলেন, ‘অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সমবেদনা জানানোর কোন ভাষা নেই।’

  • Link to this news (এই সময়)