• ব্যাগ খুলতেই হতবাক পুলিশ, থরে থরে সাজানো ৫০০ টাকার নোট, ভোটের মুখে চাঞ্চল্য হাওড়ায়
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • ভোটের (West Bengal Election 2026) মুখে হাওড়ার (Howrah) শ্যামপুর থেকে উদ্ধার হলো ১৫ লক্ষ টাকা (15 lakh Cash)। শুক্রবার লঞ্চঘাটে নাকা চেকিং চলছিল। সেই সময়েই টাকা সমেত হাতেনাতে পাকড়াও করা হয় সৌমিত্র সাউটিয়া নামে এক যুবককে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ (Howrah Police)।

    ভোট ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে নাকা চেকিং চালাচ্ছে প্রশাসন। অবৈধ টাকার লেনদেন আটকাতে চলছে জোর তল্লাশি। শ্যামপুরের গাদিয়াড়ার লঞ্চঘাটেও চলছিল অভিযান। তখনই একটি বড় ব্যাগ নিয়ে ঢোকেন সৌমিত্র। সন্দেহ হয় পুলিশের। তাঁকে থামিয়ে তল্লাশি করতেই উদ্ধার হয় গাদা গাদা ৫০০ টাকার নোট।

    সঙ্গে সঙ্গে সৌমিত্র সাউটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায়, ধৃতের ব্যাগে ৫০০-র নোটে ১৫ লক্ষ টাকা ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে খড়্গপুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যান।

    ভোটের মুখে এই বিপুল নগদ টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শ্যামপুরে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনার দায় বিজেপির উপরে চাপিয়েছে তৃণমূল। তাদের দাবি, বহিরাগতদের ভোটে জেতাতেই এই টাকা নিয়ে আসা হচ্ছিল। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পাল্টা ভোটে হার বুঝে টাকা ছড়িয়ে তৃণমূল জেতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে পদ্মশিবির। কেন, কোথায় এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)