• বোলিংয়ে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে নাইটদের
    বর্তমান | ২০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়দানের পড়ন্ত বিকেল! ইডেনের ক্লাবহাউসের সামনে কলকাতা নাইট রাইডার্সের বাস থামতেই হঠাত্ ভিড় জমে গেল। ‘করব লড়ব জিতব’রে স্লোগানে মুখরিত গোষ্ঠ পাল সরণি। কিন্তু, এ কী! অভিষেক নায়ার, অজিঙ্কা রাহানেদের সঙ্গে বাস থেকে নামছেন নবদীপ সাইনি, আকাশ মাদওয়াল, সিমরজিত্ সিং। এই তিন পেসার তো নিলামে অবিক্রিত ছিলেন! কেকেআরে আবার কবে যোগ দিলেন? জানা গেল, তাঁরা ট্রায়ালের জন্য এসেছেন। চোটগ্রস্ত হর্ষিত রানার বিকল্প খুঁজছে কেকেআর। তাই সাইনি, সিমরজিৎদের পরখ করে নেওয়ার জন্য প্র্যাকটিসে ডেকেছেন কোচ অভিষেক নায়ার।

    মিনি নিলামে এবার ঢেলে দল সাজিয়েছিল নাইট রাইডার্স। কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির স্পিন বিভাগ এমনিতেই শক্তিশালী। তার উপর টি-২০ স্পেশালিস্ট পেসার মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, আকাশদীপদের সংযোজন! মনে হচ্ছিল কেকেআরের বোলিং বিপক্ষের ঘুম কাড়বে। কিন্তু বল গড়ানোর আগেই চোটের লম্বা তালিকায় নাম লিখিয়েছেন পাথিরানা, আকাশদীপ। হর্ষিত তো ছিটকেই গিয়েছেন। আর বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে আগেই ছেড়ে দিতে হয়েছে। তাহলে কেকেআরের পেস বিভাগের হাল কে ধরবে? ঘোরোতর চিন্তায় নাইট শিবির। অথচ নিলামের পর পেস বিভাগ নিয়ে স্বপ্ন দেখছিলেন নতুন কোচ নায়ার। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক ধাক্কা। বাধ্য হয়ে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে কেকেআরের হেড স্যারকে। মুস্তাফিজুরের পরিবর্তে নেওয়া হয়েছে ব্লেসিং মুজারাবানিকে। কিন্তু টি-২০ বিশ্বকাপ ছাড়া ভারতের মাটিতে তেমন খেলার অভিজ্ঞতা নেই তাঁর। তাই বৈভব অরোরা, উমরান মালিকরাই ভরসা কেকেআরের। অবশ্য এরই মধ্যে পাথিরানাকে নিয়ে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে তাঁকে ফিট ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। ফলে দু-একদিনের মধ্যে কেকেআর শিবিরে যোগ দিতে পারেন তিনি।

    বৃহস্পতিবারের অনুশীলনে ফান গেমে চমক দিলেন নতুন ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক। পুরো দলকে দু’টি ভাগে ভাগ করা হয়— টিম পার্পেল ও টিম গোল্ড। তারপর চলল ডাইরেক্ট হিট চ্যালেঞ্জ। টিমের কোনও ক্রিকেটার লক্ষ্যে হিট করতে পারলেই বিপক্ষ দলের একজনকে তাঁর জামা খুলতে হবে। অভিনব ফিল্ডিং ড্রিলের পর নেটে ব্যাট করলেন অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিংরা। শুক্রবার নিজেদের মধ্যে দু’টি দলে ভাগ হয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে নাইট-ব্রিগেড।

    এদিকে, আমেরিকার টি-২০ লিগের জন্য নিজেদের একটি মাঠ তৈরি করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। মেজর লিগ ক্রিকেটে লস এঞ্জেলস নাইট রাইডার্সের সব খেলা এই মাঠেই হবে। কেকেআরের পক্ষ থেকে এদিন এমনটাই জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)