• কুরুচিকর মন্তব্য, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ তৃণমূল শিবিরের
    বর্তমান | ২০ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ছাব্বিশের বিধানসভা ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে। বারাসত মহকুমার মধ্যে হাবড়া বিধানসভা কেন্দ্রে নজর রয়েছে শাসক ও বিরোধীদের। হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে ‘কুরুচিকর’ ভাষায় আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। এমনটাই দাবি তৃণমূলের। তবে তার পরের দিন তাঁকে পালটা আক্রমণ শানিয়ে ‘সতর্ক’ করল তৃণমূল। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা জানিয়েছেন, হাবড়ায় মস্তানি চলবে না। পাশাপাশি দেবদাসবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে হাবড়া শহর তৃণমূল। তবে, এই সব করে লাভ হবে না বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী।

    বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির প্রাক্তন সভাপতি দেবদাস মণ্ডলকে হাবড়ায় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে প্রার্থী করেছে পদ্ম শিবির। দেবদাসের রাজনৈতিক চরিত্র রঙিন। এক সময় সিপিএমের সক্রিয় নেতৃত্ব বলে পরিচিত ছিলেন বনগাঁয়। পরে তৃণমূলে যোগ দেন তিনি। এখন তিনি বিজেপিতে। দক্ষ সংগঠক বলেই পরিচিত তিনি। তিনি বলেছিলেন, হাবড়ার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ‘চোর’কে সমর্থন করবে না। এই কেন্দ্রে জ্যোতিপ্রিয় হারছে। আমার জয় নিশ্চিত। পরের দিনই পালটা আক্রমণ করে পুর চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কি না, তা ইডি বুঝবে। বিধায়ক হিসাবে তিনি কী কী উন্নয়ন করেছেন, সবাই জানেন। বিজেপি প্রার্থী ব্যক্তিগত আক্রমণ করছেন। তিনি মস্তানি করতে এসেছেন। এখানকার মানুষ মস্তানদের ঠান্ডা করে দেবে। আমরা এনিয়ে হাবড়া থানায় অভিযোগ জানিয়েছি। দেবদাস বলেন, সত্যিটাই বলেছি। তৃণমূল যতই নাটক করুক, এবার হাবড়ায় পদ্ম ফুটবেই।
  • Link to this news (বর্তমান)