নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহের গোড়াতেই নাম ঘোষণা হয়েছিল ১৪৪ জন প্রার্থীর। তখন থেকেই বঙ্গ বিজেপিতে অশান্তির মেঘ জমছিল। বৃহস্পতিবার বিকেলে ১১২ জনের দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ামাত্র তা চরমে পৌঁছেছে। প্রার্থী বদলের দাবি উঠেছে বাংলাজুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—জেলায় জেলায় পার্টি কর্মীদের অসন্তোষের আগুনে পুড়ছে গেরুয়া শিবির। জলপাইগুড়ি, হুগলি সাংগঠনিক জেলার সভাপতি থেকে রাজ্য সভাপতি, রেহাই পাননি কেউই। কোথাও ভাঙচুর, কোথাও আবার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে একাধিক পার্টি অফিসে।
শুক্রবার দুপুরে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে আসার ২৪ ঘণ্টার মধ্যেই সল্টলেক সেক্টর ফাইভে বঙ্গ বিজেপির হেডকোয়ার্টারে প্রবল বিক্ষোভের মুখে পড়েন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁকে এবং লকেট চট্টোপাধ্যায়কে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন কয়েকশো কর্মী। টিকিট না পাওয়ায় সেখানে গিয়ে ক্ষোভ জানিয়ে এসেছেন স্বয়ং দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারও। ‘রেজিমেন্টেড পার্টি’র প্রধান কার্যালয়ে এহেন বিশৃঙ্খলায় অশনি সংকেত দেখছে রাজনৈতিক মহল। যদিও লকেটের সাফ কথা, ‘পার্টিতে মতবিরোধ থাকতেই পারে। সমস্যা মিটে যাবে।’
পদ্মপার্টির গড় উত্তরবঙ্গের হাল আরও খারাপ। বৃহস্পতিবার রাতেই মাদারিহাটের প্রার্থী পরিবর্তনের দাবিতে বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন কর্মীরা। এদিন বীরপাড়ায় বিক্ষুব্ধদের তরফে বিরাট প্রতিবাদ মিছিল বের হয়। ময়নাগুড়িতে একই দাবিতে পার্টি অফিসের বাইরে বিরাট বিক্ষোভ দেখান বহু নেতা-কর্মী। প্রতিবাদের আঁচ আরও বৃদ্ধি পাওয়ায় জলপাইগুড়ির জেলা সভাপতিকে পার্টি অফিসে ঢুকিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়। মালদহের বৈষ্ণবনগরে বিকল্প প্রার্থীর নাম ঘোষণার দাবিতে ধারাবাহিক বিক্ষোভ চলছে। সমতলের সেই বিক্ষোভের আগুন ছড়িয়েছে পাহাড়েও। দার্জিলিং, কার্শিয়াংয়ে বিজেপি প্রার্থী বদলের দাবিতে প্রতিবাদ ক্রমেই বল্গাহীন হচ্ছে।
দক্ষিণবঙ্গে রানাঘাট দক্ষিণ ও রানাঘাট উত্তর-পূর্ব আসনে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অনিয়মের অভিযোগে সরব হয়েছেন খোদ দলীয় নেতা-কর্মীরা। দুই কেন্দ্রেই এদিন লাগামহীন বিক্ষোভের সাক্ষী থেকেছে এলাকাবাসী। মুর্শিদাবাদের খড়গ্রাম, বড়ঞায় প্রার্থী বদলের দাবিতে সাবলপুর মোড়ে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন গেরুয়া কর্মী-সমর্থকরা। পুরুলিয়ার জয়পুর কেন্দ্রে কুড়মি সমাজের প্রার্থীকে সমর্থন দিয়েছে বিজেপি। সেই সিদ্ধান্তের বিরোধিতায় জেলার পদ্মনেতারা এদিন কোটশিলায় বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন। বাঁকুড়ার ছাতনায় প্রার্থী বদলের দাবিতে তুমুল বিক্ষোভ হয়েছে। পূর্ব বর্ধমানের কালনায় প্রার্থী পছন্দ না হওয়ায় ঘরের অশান্তি রাজপথে টেনে নামিয়ে আনে গেরুয়া নেতৃত্ব। স্লোগান ওঠে... ‘বহিরাগত প্রার্থী মানছি না, মানব না!’ হাওড়ার বালিতে বিজেপি প্রার্থীকে ঘিরে ‘বহিরাগত’ ইস্যুতে বিক্ষোভ দেখান স্থানীয় কর্মীরা। উত্তর ২৪ পরগনার খড়দহে নেতা-কর্মীদের হাতাহাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। বড় অশান্তির খবর এসেছে হুগলির বলাগড় থেকে। সেখানে প্রার্থী নিয়ে বিক্ষোভের জেরে ঘেরাও হন সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়। ভাঙচুর করা হয়েছে জেলা অফিসও।