• রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণায় ক্ষুব্ধ মতুয়া সংগঠন
    বর্তমান | ২০ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: বিধানসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই মতুয়া অধ্যুষিত বনগাঁয় মতুয়া মহলে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় মতুয়া সংগঠনের নেতৃত্ব জায়গা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের দাবি, শুধু মাঠ ভরাতে রাজনৈতিক দলগুলি আমাদের ডাকে। আমরা দয়া চাই না। আমাদের অধিকার চাই। রাজনৈতিক ভাবে আগামীতে এককভাবে চলারও বার্তা দিয়েছে মতুয়া নেতৃত্ব। নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

    দীর্ঘদিন ধরে মতুয়ারা দাবি জানিয়ে এসেছেন, তাঁদের সার্বিক উন্নয়নে সংগঠনের মধ্যে থেকে কয়েকজনকে প্রার্থী করুক রাজনৈতিক দলগুলি। কিন্তু বনগাঁ সহ একাধিক মতুয়াগড়ে রাজনৈতিক দলগুলি প্রার্থী ঘোষণা করলেও তালিকায় নেই কোনো মতুয়া সংগঠকের নাম। মতুয়া সম্প্রদায়ের কয়েকজন প্রার্থী হলেও সংগঠক হিসাবে তাঁদের কোনো পরিচিতি নেই। ফলে তাঁদের পক্ষে মতুয়াদের সার্বিক উন্নয়ন করা সম্ভব নয় বলে মনে করছেন মতুয়া নেতৃত্ব। বাগদা কেন্দ্র থেকে এবারেও ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল। মতুয়া নেতৃত্বের দাবি, মধুপর্ণা ঠাকুর বাড়ির সদস্য। তিনি সংগঠনের কেউ নন।

    এবিষয়ে শান্তনু ঠাকুর গোষ্ঠীর অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুখেন গাইন বলেন, রাজনীতি করে অনেক মতুয়াকে সমস্যায় পড়তে হয়েছে। রাজনৈতিক দলকে সমর্থন করে কেস খেতে হয়েছে। তবুও মতুয়ারা কোনো দলের কাছে গুরুত্ব পাইনি। সারাজীবন মতুয়ারা ব্যবহার হয়ে আসছে। মমতা ঠাকুর গোষ্ঠীর অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, আমরা সংগঠনের সদস্যদের প্রার্থী হিসাবে চেয়েছিলেন। কিন্তু এই প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। রাজনৈতিক দলগুলির কাছে মতুয়ারা শুধু মাঠ ভরানোর জন্য ব্যবহার হয়ে এসেছে। ওরা জানে, মতুয়ারা ক্ষমতায় এলে ওদের অনেক প্রশ্নের মুখে পড়তে হবে। সেকারণে রাজনৈতিক দলগুলির কাছে মতুয়াদের গুরুত্ব নেই।
  • Link to this news (বর্তমান)