• ইজ়রায়েলকেও এত ভয়? ভারতে অস্কার-মনোনীত গাজ়ার ফিল্মের মুক্তি আটকে দিল সেন্সর বোর্ড!
    এই সময় | ২০ মার্চ ২০২৬
  • আমেরিকা রেগে যাবে, তাই রাশিয়ার কাছ থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনা কার্যত বন্ধ করেছে ভারত। সরকারি ভাবে কখনও ঘোষণা করা হয়নি। তবে ট্রাম্পের চাপে যে ফেব্রুয়ারিতে ভারত রুশ তেল কেনা কমিয়েছিল তা সরকারি পরিসংখ্যানেই পরিষ্কার। এখন অবশ্য আবার আমেরিকা ‘অনুমতি’ দিয়েছে। এ বার কি ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু চটে যাবেন, এই ভয়ে ভারতে আটকে যাবে বহুল চর্চিত এক ফিল্মের মুক্তিও?

    ইজ়রায়েলের ভয়ে গাজ়ার ফিল্মে কোপ!

    আন্তর্জাতিক বিনোদন বিষয়ক পত্রিকা, ‘ভ্যারাইটি’ (Variety)-র এক রিপোর্ট অনুযায়ী, ভারতে ‘দ্য ভয়েস অফ হিন্দ রজব’ (The Voice of Hind Rajab) ফিল্মটির মুক্তি আটকে দিয়েছে সেন্সর বোর্ড (CBFC)। ফিল্মটির বিষয় গাজ়ার এক ৬ বছরের শিশুর মর্মান্তিক পরিণতি।

    আন্তর্জাতিক স্তরে বহুল প্রশংসিত এই ছবি। অস্কারের মনোনয়নও পেয়েছে। এর পরেও কেন এই ছবিকে ছাড়পত্র দিতে অস্বীকার করেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন? ছবিটির ডিস্ট্রিবিউটরদের দাবি, ইজ়রায়েলের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হতে পারে, মূলত সেই আশঙ্কাতেই এই পদক্ষেপ CBFC-র।

    কী জানাচ্ছেন ডিস্ট্রিবিউটররা?

    কাউথার বেন হানিয়া পরিচালিত এই ছবিটি মার্চ মাসে ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল। ‘ভ্যারাইটি’-কে দেওয়া সাক্ষাৎকারে মনোজ নন্দওয়ানা নামে এক ডিস্ট্রিবিউটর জানিয়েছেন, সেন্সর বোর্ডের এক সদস্য তাঁকে সরাসরি জানিয়েছেন, ‘এই ছবিটি ভারতে মুক্তি পেলে ভারত-ইজ়রায়েল সম্পর্ক ভেঙে যাবে।’

    নন্দওয়ানাদের পাল্টা যুক্তি, আমেরিকা, ব্রিটেন, ইতালি বা ফ্রান্সের মতো দেশগুলিতেও ছবিটি মুক্তি পেয়েছে। তাতে ইজরায়েলের সঙ্গে সেই দেশগুলির সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। তবুও তাদের সিদ্ধান্তে অনড় সেন্সর বোর্ড বলেই জানা গিয়েছে।

    ছবির বিষয়বস্তু

    ডকু-ড্রামা ঘরানার এই ছবিটি হিন্দ রজব নামে গাজ়ার এক ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর সত্য ঘটনা অবলম্বনে তৈরি। ২০২৪ সালের জানুয়ারিতে ইজ়রায়েলি সেনার সঙ্গে হামাসের যুদ্ধের সময়ে গাজ়ায় একটি গাড়িতে আটকে পড়েছিল হিন্দ। অভিযোগ, ইজ়রায়েলি সেনার হামলায় শিশুটি-সহ তার পরিবারের ৬ জনের মৃত্যু হয়। মৃত্যু হয়েছিল তাকে উদ্ধার করতে আসা দুই প্যারামেডিকেরও।

    এই ঘটনা ইজ়রায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল। ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গ্র্যান্ড জুরি প্রাইজ়’-সহ মোট ৭টি পুরস্কার জিতেছে। কিন্তু ভারতীয় দর্শকদের পক্ষে হয়তো ছবিটি দেখা সম্ভব হবে না।

    প্রশ্ন উঠছে ভারত-ইজ়রায়েল সম্পর্ক কি এতটাই ঠুনকো? ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ঠিক আগেই তো ভারতীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেই দেশে। তাদের সংসদের অধ্যক্ষের পদকও দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে। এত ভালো সম্পর্ক শুধুমাত্র একটি ফিল্মের কারণে নষ্ট হয়ে যেতে পারে? নাকি অন্য কোনও গোপন স্বার্থ কাজ করছ এই ক্ষেত্রে?
  • Link to this news (এই সময়)