• ভোটের আগে ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না
    দৈনিক স্টেটসম্যান | ২১ মার্চ ২০২৬
  • সূত্রের খবর, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। যদিও আগেই ইঙ্গিত মিলেছিল, চলতি সপ্তাহেই এই তালিকা প্রকাশিত হতে পারে। সেই অনুযায়ী বৃহস্পতিবার বা শুক্রবার তালিকা প্রকাশের সম্ভাবনা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। ফলে ভোটের মুখে এই নিয়ে জল্পনা ও অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত দ্রুত তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু একাধিক বৈঠকের পরেও নির্দিষ্ট সময়সীমা স্পষ্ট হয়নি।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের ডাকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আইনশৃঙ্খলার পরিস্থিতি এবং সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রস্তুতি। বিকেলে আরও একটি বৈঠক হলেও সেখান থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। পরবর্তীতে মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়াল এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তর উপস্থিতিতে ফের বৈঠক হয়। কিন্তু সেখানেও তালিকা প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

    কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষের কিছু বেশি ‘বিচারাধীন’ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হয়েছে। বাকি বিপুল সংখ্যক নাম এখনও ঝুলে রয়েছে। ফলে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশে দেরি হওয়ায় তাঁদের ভোটাধিকার নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    উল্লেখ্য, এই ইস্যু নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। এমনকী কমিশনের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতা’র অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সর্বোচ্চ আদালতের নির্দেশে এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়া বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে চলছে। বিভিন্ন জেলা আদালতের বিচারকরা ইতিমধ্যেই তথ্য খতিয়ে দেখছেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)