• ঘাটালে রেলপথের গ্যারান্টি দিয়ে প্রচারে বিজেপি, মাস্টার প্ল্যানের কথা তুলল তৃণমূল
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • বাবলু সাঁতরা, ঘাটাল

    ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শাসক–বিরোধী, একে অন্যকে টেক্কা দিতে ব্যস্ত। ঘাটালেও দুই দলের প্রার্থী প্রচারে শান দিচ্ছেন। বিজেপি প্রার্থী শীতল কপাট (BJP candidate Shital Kapat) প্রথম দিন‍ থেকেই তৎপর। ঘাটালবাসীকে ফের রেলপথের কথা মনে করিয়ে দিয়ে তাঁর প্রচার, ‘রেল ছুটবে ঘাটালে, গ্যারান্টি মোদীজির’। পোস্টার লিখে প্রচার শুরু করেছেন তিনি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, ‘ঘাটাল মাস্টার প্ল্যানই করে উঠতে পারল না যাঁরা, তাঁরা রেল আনার কথা বলছেন?’ স্থানীয় সিপিএম নেতারা আবার বলছেন, ‘পুরোটাই গিমিক।’

    ঘাটালকে (Ghatal) রেলপথের সঙ্গে যুক্ত করার দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। বছর পাঁচেক আগে রেলপথের দাবিতে আন্দোলনও শুরু হয়েছিল সেখানে। তার পরে ধীরে ধীরে সেই আন্দোলন থিতিয়ে যায়। কিন্তু একেবারেই যে থেমে গিয়েছে তা নয়। গত ২ মার্চ বিদ্যাসাগর রেল মিশন নামে একটি সংগঠন ঘাটালে রেলপথের দাবি জানিয়ে রাস্তায় নেমেছিল। মেছোগ্রাম মোড় থেকে ঘাটাল সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত মোটরবাইক র‍্যালি করেছিলেন সংগঠনের সদস্যরা। এমনকী ‘রেল দাও, ভোট নাও’ স্লোগানও তুলেছিলেন তাঁরা। তারপরেই হঠাৎ দেখা গেল এলাকার বিজেপি প্রার্থী শীতল কপাট প্রচার শুরু করেছেন ঘাটালে রেলপথ নির্মাণের প্রতিশ্রুতিকে সামনে রেখে।

    ‘ঘাটালে রেল ছুটবে, এটা মোদীজির গ্যারান্টি’— পোস্টার ছাপিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ঘাটালের একাধিক জায়গায় সেই পোস্টার দেখা গিয়েছে। লিফলেটও বাড়ি বাড়ি বিলি করছেন তিনি। বিজেপি প্রার্থী এ দিন বলেন, ‘ঘাটাল থেকে পাঁশকুড়া আবার ঘাটাল থেকে ইড়পালা হয়ে আরামবাগ পর্যন্ত রেলপথের দাবি ঘাটালবাসীর। আমিও এ নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমাদের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। রেলমন্ত্রকও ঘাটালের মানুষের দাবিতে সহমত। কিন্তু রাজ্য সরকার জমি না দেওয়ায় এ রাজ্যে রেলের অনেক প্রকল্প আটকে রয়েছে। তৃণমূল সরকার চায় না ঘাটালে রেল যোগাযোগ গড়ে উঠুক। তাই আমরা বলছি, বিজেপিকে ক্ষমতায় আনুন তাহলেই ঘাটালে রেল ছুটবে। এটা মোদিজীর গ্যারান্টি।’

    পাল্টা বিজেপিকে কটাক্ষ করে ঘাটাল ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাজি বলেন, ‘মোদীর গ্যারান্টি বলে রেলপথ নিয়ে যে প্রচার করছেন বিজেপি প্রার্থী, সেটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। ঘাটাল মাস্টার প্ল্যান যাঁরা করে উঠতে পারল না, তাঁরা আবার রেল নিয়ে আসবে ঘাটালে!’ তিনি আরও বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যান মোদীর গ্যারান্টিতে নেই। তাঁরা আবার রেলপথের গ্যারান্টির কথা বলছেন! দিদির গ্যারান্টিতে মাস্টার প্ল্যানের কাজ চলছে।’ ঘাটাল সিপিএম এরিয়া কমিটির সম্পাদক চিন্ময় পাল বলেন, ‘ঘাটালে রেল হোক, মাস্টার প্ল্যান হোক। কিন্তু দু’য়ের নাম করে মানুষকে বিভ্রান্ত করার খেলায় নেমেছে তৃণমূল–বিজেপি। নেতাদের পকেট ভরা ছাড়া কিছুই হয়নি। কৃষকস্বার্থ, শিক্ষা, শিল্প, কর্মসংস্থান নিয়ে এঁদের বলার সাহস নেই।’

    ঘাটাল বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস বলেন, ‘আমরা কোনও রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নেই। ঘাটালে রেলের জন্য যে কাজ করবে নৈতিক ভাবে আমরা তার পক্ষে। ঘাটালে রেলপথ আবেগকে কাজে লাগিয়ে ভোটে প্রচার করলেই হবে না। ঘাটালবাসীর স্বপ্ন পূরণে তারা কী ভূমিকা পালন করেছে সেটাও বলতে হবে। একে অপরের ঘাড়ে দায় ঠেলে দিলে হবে না।’

  • Link to this news (এই সময়)