• নাইট পার্কিংয়ের অনুমতি নিয়ে সকাল অবধি গাড়ি রাখলে, ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা
    এই সময় | ২১ মার্চ ২০২৬
  • এই সময়: নাইট পার্কিংয়ের (Night parking) অনুমতি নিয়ে বেলা পর্যন্ত রাস্তায় গাড়ি রেখে দিচ্ছেন অনেকে। কলকাতা পুরসভার (Calcutta Municipality) অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠেছে। পুরসভার পার্কিং বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘নাইট পার্কিংয়ের মেয়াদ রাত এগারোটা থেকে সকাল সাতটা। সাতটার পরেও বেলা পর্যন্ত যদি কেউ ওই জায়গায় গাড়ি পার্ক করে রাখেন, তা হলে সেই গাড়ি চিহ্নিত করে পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলবে পুরসভা।’

    উল্লেখ্য, কলকাতা শহরে গাড়ি পার্কিং সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত পুলিশের আওতায় থাকে। আর রাত এগারোটার পর থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত কলকাতা পুরসভা গাড়ি পার্কিংয়ের তদারকি করে। তাই পুরসভার কাছ থেকে নাইট পার্কিংয়ের অনুমতি নিয়ে, সেই গাড়ি কেউ যদি সকাল সাতটার পরেও রেখে দেন, তা অবৈধ হিসেবেই ধরা হয়। সম্প্রতি কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে, বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের রূপক গঙ্গোপাধ্যায় কলকাতার নাইট পার্কিং নিয়ে একাধিক অভিযোগ তোলেন। রাতের গাড়ি সকালেও থেকে যাওয়া ছাড়া তাঁর অভিযোগ, ওয়ার্ডের অনেক জায়গায় রাতে সরু গলির মধ্যে নাইট পার্কিং ফি দিয়ে অনেকে গাড়ি রাখছেন। ফলে ওই গলির কোনও বাসিন্দা অসুস্থ হলে, বাড়ির সামনে যেতে পারছে না অ্যাম্বুল্যান্স। দেবাশিস কুমার অবশ্য জানান, যে রাস্তা ১৮ ফুটের বেশি চওড়া, একমাত্র সেই রাস্তায় নাইট পার্কিংয়ের অনুমতি দেওয়া হয়।

  • Link to this news (এই সময়)