• আপিল ট্রাইব্যুনাল গঠন করল কমিশন, কারা রয়েছেন সেখানে
    আজকাল | ২১ মার্চ ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:  রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ এবং আপিল ট্রাইব্যুনাল গঠন নিয়ে বিলম্বের অভিযোগ নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছিল শাসকদল তৃণমূল। সেই ট্রাইব্যুনাল গঠন করল কমিশন। বৃহস্পতিবার রাতে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি এবং বিচারপতিকে নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অতিরিক্ত তালিকায় যাঁদের নাম বাদ যাবে তাঁরা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। এই সকল প্রাক্তন বিচারপতিরা আবেদনের শুনানি করবেন।

    কমিশন যে ১৯ জনের নাম ঘোষণা করেছেন তাঁদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগণা এবং কলকাতায় প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি প্রদীপ্ত রায় বিধানসভা অনুযায়ী  উত্তর ২৪ পরগণায়, পূর্ব মেদিনীপুরের দায়িত্বে প্রাক্তন বিচারপতি তপেন সেন,  প্রাক্তন বিচারপতি প্রণব কুমার দেব কোচবিহারে, পূর্ব বর্ধমানে প্রাক্তন বিচারপতি প্রভাত কুমার দে, প্রাক্তন বিচারপতি রঘুনাথ রায় নদিয়া, প্রাক্তন বিচারপতি অশোক কুমার দাস অধিকারী হাওড়া, প্রাক্তন বিচারপতি দীপক সাহা রায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে, প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে, প্রাক্তন বিচারপতি তৌফিক উদ্দিন দক্ষিণ দিনাজপুরে, প্রাক্তন বিচারপতি ইন্দ্রজিৎ চ্যাটার্জী এবং বিশ্বজিৎ বসুকে বিধানসভা অনুযায়ী মুর্শিদাবাদে, প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগকে দক্ষিণ ২৪ পরগণা, প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি হুগলি, প্রাক্তন বিচারপতি মুমতাজ খান পুরুলিয়া এবং বাঁকুড়া, প্রাক্তন বিচারপতি মীর দারা শেকো পশ্চিম বর্ধমান, প্রাক্তন বিচারপতি দেবীপ্রসাদ দে উত্তর দিনাজপুর, প্রাক্তন বিচারপতি মনোজিৎ মণ্ডল বীরভূম এবং  প্রাক্তন বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে মালদা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

    কমিশন জানিয়েছে, যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাবে, তাঁরা অনলাইন বা অফলাইনে আপিল ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইনে ECINET অ্যাপ অথবা https://ecinet.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অফলাইনে জেলাশাসক, উপজেলাশাসক বা এসডিও অফিসে গিয়ে আবেদন করা যাবে। সেখান থেকে অ্যাপে আবেদন ডিজিটালি নথিভুক্ত করতে হবে।

    প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো হয়েছে যে ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারদের মধ্যে ২০ লক্ষ ভোটারের নামের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সোমবার। প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশের পরে বিচারবিভাগীয় আধিকারিকদের কাজের অগ্রগতির পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। এর পরবর্তী সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা প্রকাশ করা হবে, যতক্ষণ না পর্যন্ত ঝুলে থাকা ৬০ লক্ষ আবেদনের সবক’টির নিষ্পত্তি ঘটছে। 
  • Link to this news (আজকাল)