• এরকম ঝড়-বৃষ্টি দুর্যোগ কত দিন চলতে পারে? বুলেটিনে যা জানাল হাওয়া অফিস
    আজ তক | ২১ মার্চ ২০২৬
  • শুক্রবার থেকেই তেড়েফুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যে। শনিবার ভোর রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলগুলিতে। তবে আপাতত বৃষ্টি বন্ধের কোনও সম্ভাবনা নেই। আজ দিনভর বৃষ্টিপাত চলতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। পাশাপাশি রয়েছে ঝড়ের পূর্বাভাসও। সব মিলিয়ে শনির শঙ্কা আজ কলকাতা ও রাজ্যজুড়ে। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের জন্য 'অরেঞ্জ অ্যালার্ট' জারি করেছে IMD।

    কলকাতায় আজ আবহাওয়া কেমন থাকবে?

    আগামী ২৪ ঘণ্টায় শহরের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। শনিবার সকালের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৩.৩ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.৪ ডিগ্রি কম।

    রাজ্যের আবহাওয়া কেমন?

    গোটা রাজ্য আজ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে IMD। ঝড়ের আশঙ্কায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ও জারি করা হয়েছে। পাশাপাশি এদিন  বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    কবে বৃষ্টিপাত কমতে পারে?

    IMD-র দেওযা পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এরপর সোমবারও থাকবে হলুদ সতর্কতা। ওইদিনও পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভিজতে পারে কলকাতাও। তবে দক্ষিণবঙ্গের জন্য মঙ্গলবারের জন্য কোনও আবহাওয়া সতর্কতা নেই।

    গত ২৪ ঘণ্টায় কোথায় কত পরিমাণ বৃষ্টি হয়েছে?

    কালিম্পং - ৯৩.০ মি.মি, বর্ধমান - ৮৭.৮ মি.মি, মালদা - ৭১.৪ মি.মি, সাগরদ্বীপ - ৬৬.৪ মি.মি, আলিপুরদুয়ার - ৫৪.৬ মি.মি, বালুরঘাট - ৪৪.০ মি.মি, রায়গঞ্জ - ৪২.১ মি.মি, কল্যাণী - ৪০.৬ মি.মি, জলপাইগুড়ি - ৪০.০ মি.মি, সিউড়ি - ৩৮.৮ মি.মি, শিলিগুড়ি - ৩৬.৩ মি.মি, দার্জিলিং - ৩৬.০ মি.মি, বাগডোগরা - ৩২.৮ মি.মি, হলদিয়া - ৩২.৬ মি.মি, উলুবেড়িয়া - ৩২.৪ মি.মি, শান্তিনিকেতন - ২৮.৪ মি.মি, বগুলা - ২২.০ মি.মি, আলিপুর - ১৬.৪ মি.মি, ক্যানিং - ১৬.০ মি.মি , সল্টলেক - ১৫.৮ মি.মি, ডায়মন্ড হারবার - ১৪.৭ মি.মি, বহরমপুর - ১৪.০ মি.মি, দিঘা - ১১.১ মি.মি,  কাঁথি - ১০.০ মি.মি,  দমদম - ৯.৭ মি.মি, কোচবিহার - ৯.৫ মি.মি, ঝাড়গ্রাম - ৬.২ মি.মি, বসিরহাট - ৫.২ মি.মি, বারাকপুর - ৩.৮ মি.মি,  আসানসোল - ২.৬ মি.মি, বাঁকুড়া - ১.৫ মি.মি,  পানাগড় - ১.০ মি.মি,  কলাইকুন্ডা - ০.২ মি.মি।


     
  • Link to this news (আজ তক)