এই সময়, বর্ধমান: প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী (BJP candidate from Burdwan South) মৌমিতা বিশ্বাস মিশ্র। এমনই ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময়’) সামনে এনে নির্বাচন কমিশনের (Election Commission) দারস্থ শাসকদল তৃণমূল (TMC)।
সোশ্যাল মিডিয়ায় রূপম সিংহ নামে এক কন্টেন্ট ক্রিয়েটারের পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বিজেপি প্রার্থী সর্বমঙ্গলা মন্দিরে থাকা এক ব্যক্তির হাতে টাকা গুঁজে দিচ্ছেন। তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘প্রচারে বেরিয়ে কারও হাতে টাকা দেওয়ার অর্থ নির্বাচন বিধিভঙ্গ করা। বিজেপি সব কিছুই টাকার বিনিময়ে অর্জন করার চেষ্টা করে। নির্বাচন বিধি লাগু হওয়ার পরে বিজেপি প্রার্থীর এই ধরনের আচরণের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত।’ যোগ করেন, ‘তৃণমূলের তরফে এই বিষয়ে অভিযোগ জানাচ্ছি আমরা। আশা করব, বিজেপির কমিশন না–হয়ে দেশের কমিশন হিসেবে নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’
শুক্রবার সকালে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে প্রচারে বেরোনোর সময়ে মৌমিতাকে দেখা গিয়েছে মন্দির চত্বরে দাঁড়িয়ে টিশার্ট পরা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন। সেই সময়ে পিছন থেকে গেরুয়া পাঞ্জাবি পরা কেউ একজন মৌমিতার হাতে টাকা তুলে দেন। বিজেপি প্রার্থী সেই টাকা ওই ব্যক্তির হাতে দেন। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তে সময়ও লাগেনি। মৌমিতা অবশ্য টাকার দেওয়ার কথা স্বীকার করলেও বিধিভঙ্গ হয়েছে, তা মানতে নারাজ। তিনি বলেন, ‘সর্বমঙ্গলা মন্দিরে দলের কর্মীদের সঙ্গে নিয়ে পুজো দিতে গিয়েছিলাম। সেখানে ক্ষ্যাপাদা নামে ওই ভদ্রলোক এসে জানান, তিনি মায়ের কাছে সবার কল্যাণ কামনায় পুজো দেবেন। তাঁকে পুজোর খরচ বাবদ সাহায্যের কারণেই কিছু অর্থ দেওয়া হয়েছে। তৃণমূল সব বিষয়েই খুঁত দেখতে পায়। নিজেদের মানসিকতার কারণেই তারা এই ধরনের মন্তব্য করেছে।’
সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, টাকা আর পেশির জোরে রাজ্য ও কেন্দ্রে দু’টি দল ক্ষমতায় থাকছে। এই ঘটনা সেটাই আবার প্রমাণ করল।’