রেড রোডে পবিত্র ইদের নমাজ পাঠের অনুষ্ঠানে শনিবার সকালে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়েছেন অভিষেক। ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলার সৌভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।
ইদের অনুষ্ঠানে অভিষেক বলেন, ‘বাংলার সৌভ্রাতৃত্ব বোধ আগামী দিনেও বজায় রাখুন। যে কোনও উৎসব বা পরব তিন-চারটে জিনিস শেখায়। ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা আর সততা। এগুলিই মনুষ্যত্বের ধর্ম। তা বজায় রাখতে হবে।’
একদল লোক বাংলার এই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ‘ভাইদের বিরুদ্ধে ভাইদের লড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি। রমজানে রাম আছেন, তো দিওয়ালিতে আলি আছেন। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। এটাই দেশের সংস্কৃতি।’
বাংলার এই সম্প্রীতিকে নষ্টের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলে আক্রমণও শানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। এ নিয়ে তিনি বলেছেন, ‘যাঁরা ভাবছেন নাম কেটে এই দেশ থেকে তাড়িয়ে দেবেন, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেবেন, তাঁদের বলছি, গলা কেটে গেলেও ঝুঁকব না।’ এই প্রসঙ্গে রাহাত ইন্দোরির কয়েকটি লাইনও উদ্ধৃত করেন তিনি।
এর পরেই বিভেদ সৃষ্টিকারীদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছেন, ‘যাঁরা হিন্দুকে মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ে নামাচ্ছেন এবং মুসলমানকে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে নামাচ্ছেন, তাঁরা যতই শক্তি লাগান, বাংলার সৌভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি অটুট থাকবে। কেউ বলে হিন্দু বিপদে আছে, কেউ বলে মুসলিম বিপদে আছে। আমি বলছি ধর্মের চশমা খুলে দেখুন পুরো হিন্দুস্তান বিপদে রয়েছে। আমি আশা করব, আপনাদের পরিবার খুব ভালো থাকুক। যে ভাবে আমরা বাংলার সৌভ্রাতৃত্ববোধ অটুট রেখেছি, আগামী দিনেও তা অক্ষুণ্ণ রাখব।’