এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য হুগলিতে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার কাপাসডাঙা এলাকায়। শনিবার সকালে দেহ উদ্ধার হয় ওই মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম মৌমিতা চক্রবর্তী। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, আত্মহত্যা নয়, খুন করে দেহটি ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে কাপাসডাঙার বাসিন্দা পেশায় গাড়ি চালক দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা মৌমিতা চক্রবর্তীর। মৌমিতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য মৌমিতার উপরে অত্যাচার করা হতো। তাঁকে একাধিক বার মারধর করা হয়েছে বলেও অভিযোগ। অশান্তির জেরে বেশ কয়েকবার বাপের বাড়িতেও চলে যান তিনি। একই অভিযোগ করেছেন প্রতিবেশীরাও। তাঁদের দাবি, একাধিক বার মৌমিতার উপরে অত্যাচার করেন দীপঙ্কর ও তাঁর পরিবারের লোকজন।
শনিবার সকালে কাপাসডাঙার বাড়ি থেকে মৌমিতার ঝুলন্ত দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সাঁকরাইল থেকে পরিবারের লোকজন গিয়ে কাপাসডাঙার বাড়িতে ভাঙচুর চালান। ঘটনার খবর পেয়ে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। মৌমিতার শ্বশুরবাড়ির লোকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।