এই সময়: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College Hospital) ভেন্টিলেটর বিকল হওয়া নিয়ে বড়সড় অনিয়মের অভিযোগ সামনে এলো। অভিযোগ, দামি বিদেশী ভেন্টিলেটর বারবার খারাপ হচ্ছিল। তদন্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ দেখেন, সেই বিদেশি ভেন্টিলেটরে রক্ষণাবেক্ষণের নামে বসানো হচ্ছে নিম্নমানের সস্তার পার্টস বা যন্ত্রাংশ। অভিযোগ, তার জন্য বিল তোলা হচ্ছিল আসল দামি যন্ত্রাংশের হিসেবেই।
মেডিক্যাল সূত্রের খবর, হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট ( Pediatric Intensive Care Unit) (পিকু)-এ বেশ কিছুদিন ধরেই ভেন্টিলেটর বার বার খারাপ হচ্ছিল। বিষয়টি নিয়ে চিকিৎসকরা প্রথমে মৌখিক ভাবে অভিযোগ জানান। পরে বিভাগীয় প্রধান লিখিত অভিযোগ দায়ের করলে নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয় একটি তদন্ত কমিটি। সেই কমিটিতে থাকা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা যন্ত্রগুলি পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য পান। তদন্তে উঠে আসে, ভেন্টিলেটরের ভিতরের আসল বিদেশি যন্ত্রাংশের বদলে বসানো হয়েছে দেখতে হুবহু একই রকম নিম্নমানের সস্তা দেশি (লোকাল) পার্টস। এর ফলেই বার বার বিকল হয়ে পড়ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জীবনদায়ী যন্ত্র।
জানা গিয়েছে, এই কাজ আসলে ভেন্টিলেটর রক্ষণাবেক্ষণকারী বেসরকারি সংস্থার। সংশ্লিষ্ট সংস্থাটি শহরের আরও কয়েকটি সরকারি হাসপাতালের যন্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, একই ধরনের অনিয়ম অন্যত্রও হয়েছে কি না। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পেয়েই প্রশাসন সতর্ক হয়েছে। হাসপাতালের উপাধ্যক্ষ তথা মেডিক্যাল সুপার অঞ্জন অধিকারী জানান, বিষয়টি স্বাস্থ্যভবনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সেখানকার নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কারণ, গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্রে এমন কারচুপি রোগী পরিষেবার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনায় আলোড়ন পড়েছে স্বাস্থ্য মহলে।